ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে সহায়তার জন্য মঙ্গলবার দেশের বেসরকারি ব্যাংকগুলো প্রধানমন্ত্রীকে দিয়েছে।
ব্যাংকগুলোর উদ্যোক্তা-মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর একটি প্রতিনিধি দল সকালে হেয়ার রোডে প্রধানমন্ত্রীর বাসভবনে দেখা করে শেখ হাসিনার হাতে সাত কোটি টাকার চেক হস্তান্তর করেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদসহ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বাণিজ্য মন্ত্রী ফারুক খান সেখানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর সভাপতি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে ২৮ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সাত কোটি টাকার চেক হস্তান্তর করেছেন।
প্রেস সচিব বলেন, "নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের এখনই যারা চাকরির যোগ্য তাদেরকে চাকরি দেওয়া এবং পরিবারের সন্তানদের লেখাপড়ার ব্যয়ভার ব্যাংকগুলো বহন করবে বলে প্রধানমন্ত্রীকে এ সময় তারা আশ্বস্ত করেছেন।"
তিনি বলেন, "বিডিআরের ঘটনার দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য তারা প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। তারা বলেছেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কারণে অনেক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।"
আবুল কালাম আজাদ বলেন, "প্রধানমন্ত্রী বিডিআরের ঘটনাকে জঘন্য ও ন্যক্কারজনক আখ্যায়িত করে বলেছেন, মেধাবী দেশপ্রেমী সেনা কর্মকর্তারা নিহত হওয়ায় জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের লেখাপড়ার দায়-দায়িত্ব সরকার গ্রহণ করেছে। ২৫ ফেব্র"য়ারি বিডিআরে ওই ঘটনা ঘটার পর প্রধানমন্ত্রী প্রত্যেক জেলার জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছিলেন বিডিআরে কর্মরত সেনা কর্মকর্তাদের রক্ষায় পদক্ষেপ নিতে।"
দেশকে বিশ্ব অর্থনৈতিক মন্দার নেতিবাচক প্রভাব থেকে রক্ষায় সতর্ক থাকতে এবং এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ব্যাংকারদের প্রতি আহ্বান জানিয়েছেন বলেও জানান তার প্রেস সচিব।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর সভাপতি নজরুল ইসলাম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিডিআরের ঘটনায় নিহত সব পরিবারের আর্থিক সহায়তার জন্য তাদের সংগঠনের ২৮টি ব্যাংকের পক্ষ থেকে ২৫ লাখ টাকা করে ৭ কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর কাছে মঙ্গলবার সকালে হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী এ সময় আশ্বস্ত করেছেন, ক্ষতিগ্রস্ত সব পরিবারের মধ্যে এই টাকা সুষম বণ্টন করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/জিএনএ/১৪৩৫ ঘ.
bdnews24