২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে প্রথমবারের মতো এলসি খোলা কমেছে

বাংলাদেশের মতো আমদানি-নির্ভর অর্থনীতিতে এই প্রথম মতো এলসি খোলা কমে গেছে। আগামী কয়েক মাসে তা আরো কমবে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 06:37 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ ২৪ ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, ৩ মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম)- বাংলাদেশের মতো আমদানি-নির্ভর অর্থনীতিতে এই প্রথম মতো এলসি খোলা কমে গেছে। আগামী কয়েক মাসে তা আরো কমবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসেব অনুযায়ী, ২০০৮-০৯ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এলসি খোলা ২ দশমিক ২৫ শতাংশ কমেছে। অথচ ২০০৭-০৮ অর্থবছরের প্রথম সাত মাসের তুলনায় আগের অর্থ বছরের একই সময়ে এলসি খোলার সংখ্যা ৩০ দশমিক ৫৬ শতাংশ বেড়েছিল। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, ভোগ্যপণ্যসহ প্রায় সব ধরনের পণ্যের দাম বেশ কিছুটা কমে যাওয়ার পাশাপাশি দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকায় চাল আমদানি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ফলে এলসি খোলা কমে গেছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যাংকাররা। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "বিশ্ববাজারে সব ধরনের পণ্যের দাম বেশ খানিকটা কমে যাওয়ায় এলসি খোলার সংখ্যা কমেছে। "আমাদের অর্থনীতি আমদানি-নির্ভর। চলমান বিশ্বমন্দার কারণে সহসাই আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়বে বলে মনে হয় না। গত বোরো ও আমন মওসুমে বাম্পার ফলন হয়েছে। খাদ্যশস্য আমদানি বিশেষ করে চাল আমদানি হচ্ছে না বললেই চলে। এসব কারণে আমদানি ব্যয় কমছে।" সামগ্রিকভাবে দেশের অর্থনীতি 'স্বস্তিদায়ক' অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেন আজিজুল ইসলাম। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদও একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, "চলতি অর্থবছরের বাকি পাঁচ মাসে (ফেব্র"য়ারি-জুন) এলসি খোলা আরও কমবে।" কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরো বলেন, "সাধারণত আমাদের মতো আমদানি-নির্ভর অর্থনীতিতে এলসি খোলার হার কমে না। এবার কমেছে। আর এ কারণে সরকারের চলতি হিসাবেও (কারেন্ট একাউন্ট ব্যালান্স) উদ্বৃত্ত রয়েছে।" তিনি জানান, চলতি অর্থ বছরের জুলাই-জানুয়ারি সময়ে চলতি হিসাবে ২৩২ মিলিয়ন ডলার উদ্বৃত্ত আছে। এটি অর্থনীতির জন্য ইতিবাচক । কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থ বছরের জুলাই-জানুয়ারি সময়ে বিভিন্ন ধরনের পণ্য আমদানির জন্য মোট ১২ হাজার ৭৫৯ দশমিক ৮৫ মিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে। গত অর্থ বছরের একই সময়ে এলসি খোলা হয় ১৩ হাজার ৫৩ দশমিক ১১ মিলিয়ন ডলারের। অর্থাৎ এলসি খোলা কমেছে ২ দশমিক ২৫ শতাংশ। অলোচ্য সময়ে খাদ্যশস্য (চাল ও গম) আমদানির ক্ষেত্রে এলসি খোলা কমেছে ৫৮ দশমিক ৩৮ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে তা ৩০৮ দশমিক ৭৪ শতাংশ বেড়েছিল। অন্যদিকে শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) আমদানির ক্ষেত্রে এলসি খোলা কমেছে ২৪ দশমিক ০৫ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে তা বেড়েছিল ২ শতাংশ। তবে পেট্রোলিয়ামজাত দ্রব্য আমদানি ২ দশমিক ৪১ শতাংশ ও শিল্পের কাঁচামাল আমদানির জন্য এলসি বেড়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ। ২০০৭ সালের শেষের দিকে দেশে পরপর দুই দফা বন্যা ও ভয়াবহ ঘুর্ণিঝড় সিডরে সব ধরনের ফসলের ব্যাপক ক্ষতি এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, খাদ্যদ্রব্যসহ সব ধরনের পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ২০০৭-০৮ অর্থ বছরে আমদানি ব্যয় অনেক বেড়ে যায়। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল ব্যারেল প্রতি ৪০ ডলারে বিক্রি হয়। গত বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে তেলের দাম বাড়তে বাড়তে এক পর্যায়ে ব্যারেল প্রতি প্রায় ১৫০ ডলারে গিয়ে উঠেছিল। একইভাবে বিশ্ববাজারে ভোজ্য তেল, চাল, গমসহ সব ধরনের পণ্যের দাম প্রায় অর্ধেক কমেছে। বিডিনিউজ ২৪ ডটকম/এআরএইচ/টিআর/এইচএ/০০২৪ ঘ.