চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ ২৪ ডটকম)- চট্টগ্রাম নগরীর পলো গ্রাউন্ডে শুরু হয়েছে ১৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
শনিবার বিকেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
উদ্বোধনের পর মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
ইরান, চীন, যুক্তরাষ্ট্র, ভারত, মালয়েশিয়া, মিয়ানমার (বার্মা), দক্ষিণ কোরিয়া ও তুরস্কের বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।
মেলা আয়োজনে পঞ্চম বারের মতো সহযোগী দেশ হিসেবে রয়েছে থাইল্যান্ড।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রামে গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট নিরসনে সরকার উদ্যোগ নিয়েছে। অচিরেই এর ফল পাওয়া যাবে।
চট্টগ্রামের উন্নয়নে সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, নগরীর রাস্তাঘাট ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে সরকার এরই মধ্যে অর্থ বরাদ্দ দিয়েছে।
চট্টগ্রাম বন্দরকে আরও আধুনিক করে তোলা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, চেম্বার সভাপতি ও সাংসদ এম এ লতিফ, সিনিয়র সহ-সভাপতি এম এ ছালাম, সহ-সভাপতি এস এম শফিউল হক ও মেলা কমিটির চেয়ারম্যান এস এম আবু তৈয়্যব।
মহিউদ্দিন চৌধুরী ব্যবসায়ীদের প্রতি ভেদাভেদ ভুলে চট্টগ্রামের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
মেলায় ৩৭টি প্যাভিলিয়নসহ মোট ২৫৪টি স্টল ও চারটি রেস্তোরাঁ রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা মেলা খোলা থাকবে।
১৬ বছর আগে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সিজেকেএস জিমনেসিয়ামে এই মেলার যাত্রা শুরু হয়।
বিডিনিউজ ২৪ ডটকম/এমসি/আরএআর/ডিডি/টিআর/এসকে/২২১৪ঘ.
bdnews24