২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক কোম্পানি (সংশোধন) অধ্যাদেশ পাশে জোর চেষ্টা চালাবেন অর্থমন্ত্রী

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের 'ব্যাংক কোম্পানি (সংশোধন) অধ্যাদেশ ২০০৭' সংসদে পাশ করানোর জন্য জোর চেষ্টা চালাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2009, 04:58 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ১৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাবেক তত্ত্বাবধায়ক সরকারের 'ব্যাংক কোম্পানি (সংশোধন) অধ্যাদেশ ২০০৭' সংসদে পাশ করানোর জন্য জোর চেষ্টা চালাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশ ব্যাংক পরিদর্শনকালে বুধবার ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সংসদের চলতি অধিবেশনে অধ্যাদেশটি আইন হিসেবে অনুমোদন পাচ্ছেনা। অর্থমন্ত্রী বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের ১২২টি অধ্যাদেশের মধ্যে সংসদে ৫৪টি পাস করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যাংক কোম্পানি অধ্যাদেশটি নেই। তবে আমি এই অধ্যাদেশটির কিছু সংযোজন-বিয়োজন করে পরবর্তীতে সংসদে পাস করার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাবো।" নির্ধারিত সময়ের মধ্যে সংসদে অনুমোদন না হলে অধ্যাদেশ আপনিতেই বাতিল হয়ে গেলেও তা পরে সংশোধিতভাবে নতুন বিল হিসেবে সংসদে তোলা সম্ভব। গুরুত্বপূর্ণ এই অধ্যাদেশটি কেন পাস হচ্ছে না, এ প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, "ব্যক্তিগতভাবে আমি মনে করি এই অধ্যাদেশটি পাস হওয়া উচিৎ। তবে সত্যি কথা বলতে কি, আমাদের দেশে 'প্রেসার গ্র"পের কারণে অনেক সময় সব কিছু করা সম্ভব হয় না।" তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা 'ব্যাংক কোম্পানি (সংশোধন) অধ্যাদেশ ২০০৭' এ ব্যাংকে শেয়ার-ধারক পরিচালকের সংখ্যা ১৩ জনে সীমিত রাখা এবং পরিচালকের দায়িত্ব দুই মেয়াদে সর্বোচ্চ ছয় বছরের বেশি হতে পারবে না বলে বিধান রাখা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, বিদেশী ব্যাংক ছাড়া (বিদেশী ব্যাংকগুলোর জন্য এ বিধান প্রযোজ্য নয়) এরই মধ্যে বেশিরভাগ দেশি ব্যাংকেই পরিচালকের সংখ্যা ১৩ জনে সীমিত করা হয়েছে। কার্যকর হয়েছে পরিচালকদের মেয়াদকাল সম্পর্কিত বিধানটিও। উচ্চ আদালতে রিট আবেদন করায় কয়েকটি ব্যাংকে এ বিধান কার্যকর হয়নি। অধ্যাদেশটি অনুমোদন না হলে পরিচালক সংখ্যা ও তাদের মেয়াদকাল নিয়ে ব্যাংকগুলোতে বিশৃংখলা দেখা দিতে পারে বলে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে মত দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিআর/এসকে/২২৫৩ঘ.