ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংক ও বাপেক্স'র কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা মন্ত্রণালয়সহ (শিক্ষক-কর্মচারী) সরকারের আরো কয়েকটি সংস্থা ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আলাদা বেতন কাঠামোর বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বুধবার সকালে বাংলাদেশ ব্যাংক পরিদর্শনের পর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকের তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবারই প্রথম তিনি বাংলাদেশ ব্যাংক পরিদর্শনে যান।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আলাদা বেতন কাঠামোর (পে-স্কেল) ব্যাপারে সরকার কোন চিন্তাভাবনা করছে কিনা জানতে চাইলে আব্দুল মুহিত বলেন, "ব্যক্তিগতভাবে আমি কেন্দ্রীয় ব্যাংকের কর্তকর্তাদের জন্য আলাদা বেতন কাঠামোর পক্ষে। তবে সরকারের আর্থিক সামর্থ্যরে বিষয়টি বিবেচনায় রেখেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরো বলেন, "বাংলাদেশ ব্যাংক ও বাপেক্স'র কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক-কর্মচারীসহ সরকারের আরো কয়কটি সংস্থা ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আলাদা বেতন কাঠামোর বিষয়টি সরকার বিবেচনা করছে। খুব শিগগিরই হয়ত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাবে না। তবে পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।"
অর্থমন্ত্রী বলেন, "বাংলাদেশ ব্যাংকে নতুন কর্মকর্তা-কর্মচারীরা যোগদান করার পর কাজের অভিজ্ঞতা অর্জন করে বেশি বেতন পেয়ে বেসরকারি ও বিদেশি ব্যাংকে চলে যায়। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকে মেধাবী ও দক্ষ কর্মকর্তার সঙ্কট দেখা দেয়। এ সঙ্কট দুর করতে ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আলাদা বেতন কাঠামো থাকা উচিত।"
তিনি আরো বলেন, "বাপেক্স কর্মকর্তা-কর্মচারীদের জন্যও পৃথক বেতন কাঠামো দরকার। কারণ একইভাবে এরাও বিদেশি কোম্পানিতে চলে যায়। তাদের বেতন বৃদ্ধি করে উৎসাহিত করা উচিত। গ্যাস একটি গুরুত্বপূর্ণ খাত। এতে করে তারা নতুন অনুসন্ধানে মনোনিবেশ করতে পারবে।"
একইভাবে শিক্ষকদেরও জন্য একটি পৃথক বেতন কাঠামো তৈরির লক্ষ্যে সরকার ইতিমধ্যেই পদক্ষপ নিয়েছে বলে তিনি জানান।
এছাড়া বড় বড় ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, "ঋণ খেলাপিদের আমি মোটেও পছন্দ করিনা। ১৯৮২ সালে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে আমিই প্রথম ১০ জন ঋণ খেলাপি শনাক্ত করেছিলাম। এবার আরো জোরালোভাবে ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আরো বলেন, "আমি জানি এক্ষেত্রে 'প্রেশার গ্র"প' বেশ সক্রিয়। '৮২ সালে যেমন পদক্ষেপ নিয়েছিলাম হয়ত এবার তেমন পদক্ষেপ নিতে পারবনা। তারপরেও ঋণ খেলাপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।"
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য (২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর) অনুযায়ী, ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ২৫ হাজার কোটি টাকারও বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/জিএনএ/১৪৩৯ ঘ.
bdnews24