ঢাকা, ১৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশ ব্যাংক পরিদর্শনের সময় আওয়ামী লীগ সমর্থিত দু'টি সংগঠনের নেতা-কর্মিরা রাজনৈতিক শ্লোগান দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অভ্যর্থনা জানানোয় তিনি ক্ষুব্ধ হয়েছেন।
বুধবার সকালে রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংক পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি বলেন, "আমি কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসিনি। বাংলাদেশ ব্যাংক পরিদর্শনে এসেছি। আমাকে দলীয় শ্লোগান দিয়ে অভ্যর্থনা জানানো মোটেই ঠিক হয়নি।"
অর্থমন্ত্রী বলেন, "বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারিরা সরকারি চাকরি করেন। তাদের এ ধরনের রাজনৈতিক শ্লোগান দেওয়া উচিৎ নয়। এমনিতেই ফুলের তোড়া দিতে পারে। কিন্তু শ্লোগান দেওয়া ঠিক হয়নি।"
"আমি এসব একদম পছন্দ করি না", আবুল মুহিতের কণ্ঠে ক্ষোভ।
তিনি বলেন, "যখন তারা শ্লোগান দিচ্ছিল, তখন আমি ধমক দিয়ে তাদের শ্লোগান বন্ধ করতে বলেছি।"
পূর্ব-নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বেলা সোয়া ১১ টার দিকে অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে যান।
অর্থমন্ত্রী গাড়ি থেকে নামা মাত্র আওয়ামী লীগ সমর্থিত বাংলাদেশ এমপ্লয়িজ এসোসিয়েশন ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় ব্যাংক শাখার নেতা-কর্মিরা ফুলের তোড়া দিয়ে তাকে অভ্যর্থনা জানান। সেই সঙ্গে 'অর্থমন্ত্রীর আগমন শুভেচ্চা-স্বাগতম', 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু'সহ বিভিন্ন ধরনের রাজনৈতিক শ্লোগান দেয়।
এ সময় শ্লোগান বন্ধ করতে বলেন অর্থমন্ত্রী।
এ ব্যাপারে বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক শাখার সাংগঠনিক সম্পাদক হামিদুল হক সখা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসলে আমরা রাজনৈতিক বা দলীয় কোনো শ্লোগান দিতে চাইনি। বাংলাদেশ ব্যাংকের একজন বয়স্ক কর্মচারি (যার গ্রামের বাড়ি সিলেটে অর্থমন্ত্রীর বাড়ির পাশে) আবেগে আপ্লুত হয়ে শ্লোগান দিয়েছেন। তার সঙ্গে কয়েকজন সুর মিলিয়েছেন মাত্র।"
অনাকাক্সিক্ষত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন হামিদুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিআর/১৫০৬ঘ.
bdnews24