ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবকাঠামো খাতের উন্নয়নে ৪৩৩ কোটি টাকার চারটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে নতুন সরকারের ষষ্ঠ একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়কার 'মেশিন রিডেবল পাসপোর্ট ও মেশিন রিডেবল ভিসা' প্রকল্পটি অনুমোদনের জন্য উত্থাপনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা উত্থাপন করা হয়নি।
এক সংক্ষিপ্ত প্রেস বিফ্রিংয়ে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এ কথা জানান।
এ কে খন্দকার বলেন, "জনগুরুত্বপূর্ণ 'মেশিন রিডেবল পাসপোর্ট ও মেশিন রিডেবল ভিসা' প্রকল্পটি আজকের (মঙ্গলবার) বৈঠকে অনুমোদনের জন্য উত্থাপন করার কথা ছিল। তবে প্রকল্প প্রস্তাবের কার্যপত্রে দু-চার জায়গায় ছাপাজনিত ত্র"টি ছিল। সে কারণে প্রকল্পটি উত্থাপন করা হয়নি। আগামী একনেক বৈঠকে এটি উত্থাপিত হবে।"
মঙ্গলবারের একনেক বৈঠকে অনুমোদন পাওয়া চার প্রকল্প হলো- ১৮৩ কোটি টাকা ব্যয়ে সিলেট অঞ্চলের (বিভাগ) জেলা সড়ক উন্নয়ন প্রকল্প, ১০৬ কোটি টাকার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (পার্বত্য চট্টগ্রাম), ৯৫ কোটি টাকার বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অবকাঠামো, ড্রেনেজ ব্যবস্থা ও পরিবেশ উন্নয়ন প্রকল্প ও ৪৯ কোটি টাকার রংপুর-বদরগঞ্জ-পার্বতীপুর সড়ক প্রশস্তকরণ প্রকল্প।
চারটি প্রকল্পই সম্পূর্ণ সরকারি অর্থে বাস্তবায়িত হবে বলে জানান এ কে খন্দকার।
বৈঠকে উত্থাপনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয় 'রিডেবল পাসপোর্ট ও মেশিন রিডেবল ভিসা' প্রকল্পের যে কার্যপত্র তৈরি করেছিল এতে বলা হয়েছে, ২০১০ সালের মধ্যে যান্ত্রিকভাবে পরীক্ষাযোগ্য পাসপোর্ট চালু করতে আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল সংস্থার (আইসিও) বাধ্যবাধকতা থাকায় সরকারকে প্রকল্পটি হাতে নিতে হচ্ছে। প্রকল্পটি যথাসময়ে বাস্তবায়িত না হলে প্রচলিত পাসপোর্ট দিয়ে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া সম্ভব হবে না।
কার্যপত্রে প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছিল ৩৫০ কোটি টাকা।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এই প্রকল্পটি বেশ আলোচিত হয়। প্রকল্পটি অনুমোদনের জন্য একবারও একনেক বৈঠকে ওঠানো না হলেও সরকারের একটি প্রভাবশালী মহল একনেককে পাশ কাটিয়ে প্রকল্পটি অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে তুলে। এ নিয়ে সে সময় সংবাদপত্রে বেশ লেখালেখি হয়। শেষ পর্যন্ত প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এইচএ/এসকে/১৯৩১ঘ.
bdnews24