ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের দাম কোনোভাবেই ২০ টাকার নীচে নামানো সম্ভব হবে না বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। তবে তিনি আশা করছেন, চালের দাম শিগগিরই আরো কমতে পারে।
সচিবালয়ে রোববার বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় কমিশনের (ইসি) প্রতিনিধি দলের প্রধান স্টিফেন ফ্রোয়েনের সঙ্গে বৈঠকের পর খাদ্যমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।
বাজারে চালসহ নিত্যপণ্যের মূল্য কমলেও তা কাঙ্খিত পর্যায়ে না আসার কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, "চালসহ বিভিন্ন পণ্যের দাম অনেক কমেছে। তবে চালের দাম কোনোভাবেই ২০ টাকার নীচে নামানো সম্ভব হবে না। কারণ কৃষকদের উৎপাদন খরচের দিকটিও আমাদের বিবেচনায় রাখতে হবে।"
বেশিরভাগ মানুষই কিনে চালের চাহিদা পূরণ করলেও উৎপাদন খরচ না উঠলে মোট উৎপাদন কমে যাবে বলে মন্তব্য করেন তিনি।
শিগগিরই চালের দাম আরো কমতে পারে বলে আশা প্রকাশ করে আব্দুর রাজ্জাক বলেন, "এখন পর্যন্ত ভারত চাল রপ্তানি করছে না। তাদের আগামী নির্বাচনের পর হয়তো তারা চাল রপ্তানি শুরু করবে। বোরো ওঠার পর চালের চাহিদাও অনেকটা কমে যাবে। একইসঙ্গে সরকারি গুদামে মজুদ চালও বাজারে ছাড়তে হবে। এসব কারণে চালের দাম আরো কিছুটা কমবে।"
বৈঠক শেষে স্টিফেন ফ্রোয়েন সাংবাদিকদের জানান, মন্ত্রীর সঙ্গে খাদ্যনীতি, বিদেশি সাহায্য, রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধান এবং দুর্যোগ ব্যবস্থাপনা খাতের উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় ইসি'র সহায়তা অব্যাহত রাখা এবং প্রয়োজনে তা বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, ইসি'র পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সহায়তা অব্যাহত রয়েছে। এ বছর ইসি'র চেয়ারপার্সনের পক্ষ থেকে বাংলাদেশের জন্য অতিরিক্ত বিশেষ বরাদ্দ রাখা হয়েছে ৫০ মিলিয়ন ইউরো। এজন্য তাদের কাছে প্রস্তাবনা চাওয়া হয়েছে। প্রকল্প প্রস্তাব পাওয়া গেলেই এ অর্থ ছাড় করা হবে।
রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানের বিষয়ে স্টফেন ফ্রোয়েন বলেন, "বাংলাদেশের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছে। অথচ এটি বাংলাদেশের একক সমস্যা নয়।"
তিনি জানান, এ সমস্যার সমাধান এবং তাদের জীবনযাপনের মানোন্নয়নে খাদ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ইসি এই সমস্যাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছে।
খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, "দাতা হিসেবে ইসি'র ভূমিকা বাংলাদেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতে প্রচুর সহায়তা দিয়ে থাকে। এ বছরও তারা বাংলাদেশের জন্য ৫০ মিলিয়ন ইউরোর বিশেষ বরাদ্দ রেখেছে। প্রকল্প প্রস্তাব পেলেই তারা এ অর্থ ছাড় করবে।"
খাদ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, দেশের খাদ্য মজুদ সংকট সমাধানে পাঁচ লাখ মেট্রিক টন ধারণ-ক্ষমতাসম্পন্ন খাদ্য গুদাম নির্মাণেও ইসি'র সহায়তা চাওয়া হয়েছে। খাদ্য গুদামের পাশাপাশি খাদ্য মজুদের আধুনিক কম্পিউটারাইজড তথ্যভাণ্ডার প্রতিষ্ঠায়ও সহায়তা চাওয়া হয়েছে।
তিনি বলেন, "তারা আমাদের প্রস্তাব বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। তারা জানিয়েছেন, একটি মাত্র দাতার পক্ষে এত বড় বিনিয়োগ সম্ভব নয়। তাই তারা অন্য দাতাদের সঙ্গেও এ ব্যাপারে আলোচনা করার পরামর্শ দিয়েছেন।"
মন্ত্রী আরো জানান, ইসি বর্তমানে বাংলাদেশের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা খাতে আর্থিক সহায়তা দিচ্ছে। ইসি'র পক্ষ থেকে এ প্রকল্পের দ্বিতীয় পর্যায়েও সহায়তার আশ্বাস পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এইচএ/১৬৫৭ঘ.
bdnews24