২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজার সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই : মুহিত

শেয়ার বাজারের অব্যাহত দরপতন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2009, 03:32 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ১১ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শেয়ার বাজারের অব্যাহত দরপতন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে বেসরকারি ব্যাংক উদ্যোক্তা-মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর উপস্থিত সাংবাদিকরা দেশের শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রীর দৃস্টি আকর্ষণ করলে তিনি বলেন, "শেয়ার বাজার সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই। এসইসি'র (সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন) চেয়ারম্যান আছেন, তিনিই এ ব্যাপারে বক্তব্য দেবেন।" গত কয়েকদিন ধরে দেশের দুই শেয়ার বাজারেই অব্যাহতভাবে দরপতন ঘটছে। এর মধ্যে সোমবার ও বুধবার বড় ধরনের দরপতন ঘটেছে। বুধবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ২৫০৩ দশমিক ২১ পয়েন্ট থেকে ৮৬ দশমিক ৫৪ পয়েন্ট বা ৩ দশমিক ৪৫ শতাংশ কমে ২৪১৬ দশমিক ৬৬ পয়েন্টে নেমে আসে। সোমবার ডিএসই'র মূল্যসূচক ৭০ পয়েন্ট কমেছিল। মঙ্গলবার কমে ১৭ শতাংশের কিছু বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২১২৬ঘ.