ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চারটি দেশের রাষ্ট্রদূত বুধবার সকালে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত ব্রিট এফ হ্যাগস্ট্রমের নেতৃত্বে ডেনমার্ক, ফ্রান্স এবং ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূতরা বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
তাদের মধ্যে সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী বৈঠক হয়।
বৈঠক শেষে সুইডেনের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, "ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিদেশি বিনিয়োগসহ অন্যান্য বিষয়ও আলোচনায় উঠে এসেছে। আমরা মনে করি, উভয় পক্ষের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে।"
একইদিন সকাল সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্যের কেনডন শহরের বাঙালি মেয়র নূরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের সঙ্গে তার মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন।
মন্ত্রণালয়েল ঊর্ধ্বতন তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ বিষয়ে বলেন, "প্রতিনিধি দল বাংলাদেশের শিক্ষা উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। মন্ত্রী তাদেরকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/এজে/জিএনএ/১৩৪৫ ঘ.
bdnews24