ঢাকা, ফেব্রুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত রোববার বলেছেন, দেশের রপ্তানি বাণিজ্যে বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের প্রভাব পড়তে শুরু করেছে।
বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের সঙ্কট চলার পরও বাংলাদেশের অর্থনীতি এখনও 'বেশ ভালো অবস্থায় রয়েছে' বলে মন্তব্য করার এক সপ্তাহের মধ্যেই রপ্তানি নিয়ে এ সঙ্কটের কথা জানালেন অর্থমন্ত্রী।
রোববার দুপুরে সচিবালয়ে নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, "প্রায় প্রতিটি খাতেই এ সঙ্কটের নেতিবাচক প্রভাব পড়েছে। পাট ও পাটজাত পণ্য, হিমায়িত পণ্য, নিট ও ওভেন পোশাকসহ অন্যান্য খাতেও ইতোমধ্যেই নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।"
মন্ত্রী বলেন, "বিশ্ব অর্থনীতির এ মহামন্দার প্রভাব মোকাবিলার জন্য আগামী কয়েকদিনের মধ্যেই একটি টাস্কফোর্স গঠন করা হবে।"
তবে এ টাস্কফোর্সের প্রথম বৈঠক হতে চলতি মাসের শেষ দিক বা আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে বলে তিনি জানান।
অর্থমন্ত্রী এসময় জানান, এ মহামন্দার প্রভাব 'সাময়িক' হবে বলে তার ধারণা।
তিনি বলেন, "বিশ্ব অর্থনীতিতে যে পর্যাপ্ত রিজার্ভ ফান্ড (তারল্য) আছে তাতে মহামন্দা খুব বেশি দীর্ঘস্থায়ী হবেনা। এ কারণে আমাদের ভয় পাওয়ার কোন কারণ নেই।"
দ্রুত এ সঙ্কট কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন মুহিত।
২০০৮ সালের শুরুতে এ মন্দা শুরু হয় উল্লেখ করে মুহিত বলেন," শুরুতে মার্কিন মুলুক এই মন্দার কথা স্বীকার করলে এত বেশি সমস্যা হতো না।"
এদিকে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমানো হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। গত কয়েকদিনের অবস্থানের পুনরুক্তি করে তিনি বলেন, "বর্তমানে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ব্যবস্থা (ভাসমান বিনিময় ব্যবস্থা) যেভাবে বাজারের ওপর ছেড়ে দেওয়া আছে সে ব্যবস্থাই বহাল থাকবে। সরকারের কোন প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রার বিনিময় ব্যবস্থায় কোন ধরনের হস্তক্ষেপ করবে না।
২০০৩ সালের ৩১ মে দেশে বৈদেশিক মুদ্রার ভাসমান বিনিময় ব্যবস্থা চালু করা হয়।
অর্থমন্ত্রী জানান, সঙ্কট কাটাতে বৈঠকে বিকেএমই'র প্রতিনিধিরা নগদ সহায়তা বাড়ানো এবং বিশেষ সহায়তা দেওয়ার প্রস্তাব করেছেন।
বিজিএমইএসহ রপ্তানি খাতের অন্য প্রতিনিধিরাও গত কয়েকদিনে সরকারের কাছে নানা ধরনের সুযোগ-সুবিধা চেয়েছেন।
তাদের সবার প্রস্তাব পর্যালোচনা করে একটি সমন্বিত প্যাকেজ সুবিধা দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে বলে মন্ত্রী জানান।
বিকেএমই'র প্রতিনিধি দলের প্রধান সংগঠনের সভাপতি ফজলুল হক সাংবাদিকদের বলেন, "নিট খাতে বিশ্ব অর্থনীতির নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। আমাদের রপ্তানি অর্ডার আগের থেকে কমে গেছে। ২০০৭ সালের ডিসেম্বরের তুলনায় ২০০৮ সালের ডিসেম্বর মাসে এ খাতে দুই দশমিক পাঁচ শতাংশ রপ্তানি কমেছে। অথচ ২০০৬ সালের ডিসেম্বর মাসের তুলনায় ২০০৭ সালের ডিসেম্বরে এ খাতে রপ্তানি ২২ শতাংশ বেড়েছিল। এতেই প্রমাণিত হয় যে বিশ্ব অর্থনীতির মন্দার প্রভাব আমাদের নিট খাতে পড়তে শুরু করেছে।"
ফজলুল হক জানান, এ সঙ্কট মোকাবেলার জন্য নিট খাতে সরকারের দেওয়া নগদ আর্থিক সহায়তা (ইনসেনটিভ) পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ এবং মোট রপ্তানির ওপর পাঁচ শতাংশ বিশেষ সহায়তা দেওয়ার জন্য তারা অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন।
বিকেএমই সভাপতি বলেন, তারা মোট রপ্তানির ওপর যে পাঁচ শতাংশ বিশেষ সহায়তা চেয়েছি তা তাৎক্ষণিক। এটি আগামী ডিসেম্বর পর্যন্ত দেওয়ার অনুরোধ করেছেন তারা।
টাকার মান কমানো প্রসঙ্গে ফজলুল হক বলেন, "আমরা নিট রপ্তানিকারকরা কোনভাবেই মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমানোর পক্ষপাতী নই। বর্তমান পরিস্থিতিতে টাকার মান কমালে রপ্তানিকারকরা কিছুটা লাভবান হলেও দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কেননা আমাদের অর্থনীতি আমদানি নির্ভর। "
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এজে/এসকে/১৮১৭ঘ.
bdnews24