ঢাকা, ফেব্রুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের সঙ্গে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (টিফা) সই-এর ব্যাপারে এখনই আলোচনা করতে চায় না যুক্তরাষ্ট্র।
পররাষ্ট্রমন্ত্রী দিপু মনির সঙ্গে রোববার তার মন্ত্রণালয়ে সাক্ষাত শেষে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার সাংবাদিকদের এ কথা বলেন।
ওবামা সরকার প্রস্তাবিত টিফা চুক্তি পর্যালোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় বলেও তিনি জানান।
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আজ (রোববার) টিফা চুক্তি নিয়ে কোন আলোচনা আমরা করিনি। কোন চুক্তি সই-এর আগে মার্কিন সরকার তা নিয়ে আলোচনা ও পর্যালোচনা করতে চায়।"
টিফা চুক্তির বিষয়ে তিনি বলেন, "টিফা হচ্ছে সাধারণ একটি বাণিজ্য চুক্তি। এ চুক্তি অনুযায়ী উভয় দেশই বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে অভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবে।"
বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে তিনি বলেন, "আমরা উন্নয়নের নির্দিষ্ট ক্ষেত্র নিয়ে আলোচনা করেছি। এছাড়া সন্ত্রাসবাদ মোকাবিলা এবং সন্ত্রাসবাদবিরোধী দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠনে সমর্থন দেওয়ার ব্যাপারে কথা বলেছি।"
বাউচার বলেন, "জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবিলায় আমরা এক সঙ্গে কাজ করতে চাই। এটির ওপর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।"
তিনি বলেন, "গণতন্ত্রকে শক্তিশালী করা, দুর্নীতির বিরুদ্ধে অভিযান, সন্ত্রাস বিরোধী তৎপরতা এবং উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারের বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের প্রতি মার্কিন সরকারের সমর্থন রয়েছে।"
মার্কিন দূতাবাস সূত্র জানিয়েছে, রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাত করার কথা রয়েছে।
রিচার্ড বাউচার শনিবার সকালে ঢাকায় আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/টিআর/এমএসবি/১৬৫৫ঘ.
bdnews24