২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলায় ৩০ লাখ ডলারের পণ্য রপ্তানির অর্ডার

এবারের বাণিজ্য মেলায় ৩০ লাখ ডলারের পণ্য রপ্তানির তাৎক্ষণিক (স্পট) অর্ডার পাওয়া গেছে। পণ্য বেচাকেনা হয়েছে ২১ কোটি টাকার। শনিবার শেরেবাংলা নগরে একমাসের বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খান এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2009, 03:52 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের বাণিজ্য মেলায় ৩০ লাখ ডলারের পণ্য রপ্তানির তাৎক্ষণিক (স্পট) অর্ডার পাওয়া গেছে। পণ্য বেচাকেনা হয়েছে ২১ কোটি টাকার। শনিবার শেরেবাংলা নগরে একমাসের বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খান এ তথ্য জানিয়েছেন। সমাপনী অনুষ্ঠান হয়ে গেলেও মেলার সময়সীমা সাতদিন বাড়ানো হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে মেলার জন্য একটি স্থায়ী কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। চার বছরের মধ্যে এর কাজ শেষ হবে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, "এবার ৩০ থেকে ৩৫ লাখ লোক মেলায় এসেছে। এতে বোঝা যায় মেলার উদ্দেশ্য সার্থক হয়েছে। এছাড়া বাংলাদেশে উৎপাদিত পণ্য যে এখন আন্তর্জাতিক মানের, রপ্তানির অর্ডার দেখেই তা অনুধাবন করা যায়।" বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেন, গণতান্ত্রিক সরকারের প্রথম আন্তর্জাতিক মেলা হিসেবে এটি খুবই সফল হয়েছে। মেলা থেকে সাড়ে ৬ কোটি টাকাও আয় হয়েছে। তিনি জানান, এবার বাংলাদেশ ভিন্নধর্মী পণ্য রপ্তানিরও অর্ডার পেয়েছে। এ প্রসঙ্গে তিনি দেড় কোটি টাকার লুঙ্গি, ৬ কোটি টাকার চামড়াজাত পণ্য ও আসবাবপত্র রপ্তানির অর্ডার পাওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আগামী পাঁচ বছরে গার্মেন্টস খাতে ২৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির আশা করা হচ্ছে। এটি অর্জন করা সম্ভব বলে উল্লেখ করে তিনি বলেন, এ ধরণের আশা নিয়ে এগুলে বাংলাদেশের অর্থনীতির চেহারাই বদলে যাবে। চামড়াজাত পণ্যের রপ্তানি আরো ১০ গুন বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। শিল্প পণ্যের রপ্তানি বৃদ্ধির ওপরও তিনি জোর দেন। মেলা আয়োজনে বাংলাদেশের সহযোগী দেশ শ্রীলঙ্কার ঢাকাস্থ হাই-কমিশনার ভ্যাডিভ্যাল কৃষ্ণমূর্তি বলেন, ক্ষুদ্র এবং বেসরকারি খাতের ওপর আরো জোর দিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্যকে আরো জোরদার করে তুলতে হবে। বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ বলেন, দু'তিনটি পণ্যের মধ্যে রপ্তানি সীমাবদ্ধ না রেখে বিদেশে নতুন নতুন পণ্যের চাহিদা সৃষ্টি করতে হবে। এতে রপ্তানির পরিমান বেড়ে যাবে। সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. সাহাব উল্লাহ। মেলার সমাপনী দিনে ক্রেতাদের ভীড় ছিলো চোখে পড়ার মতো। বিভিন্ন স্টলে একটি পণ্যের সঙ্গে ফ্রি আরো একটি পণ্য দেওয়া হয়। ক্রেতারাও লুফে নেন এই সুযোগ। দেশী এবং বিদেশী প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের পুরস্কার দেয়া হয়েছে। এছাড়া সেবাদানকারী প্রতিষ্ঠান, বণিক সমিতি, স্পন্সরকারীদেরও পুরস্কার দেওয়া হয়। ক্রেস্ট দেয়া হয়েছে মেলা আয়োজনে সহযোগী দেশ শ্রীলঙ্কাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিআর/২১৩৫ঘ.