২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বৈদেশিক মুদ্রা বিনিময় হারে হস্তক্ষেপ করবে না: অর্থমন্ত্রী

সরকার বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ প্রসঙ্গে তিনি বলেছেন, বর্তমানে দেশে যে ভাসমান মুদ্রা বিনিময় ব্যবস্থা (মুদ্রার বিনিময় হার বাজার ব্যবস্থার ওপর ছেড়ে দেওয়া) চালু আছে তা বহাল থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 10:13 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সরকার বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ প্রসঙ্গে তিনি বলেছেন, বর্তমানে দেশে যে ভাসমান মুদ্রা বিনিময় ব্যবস্থা (মুদ্রার বিনিময় হার বাজার ব্যবস্থার ওপর ছেড়ে দেওয়া) চালু আছে তা বহাল থাকবে। মঙ্গলবার সচিবালয়ে আর্থিক, মুদ্রা ও মুদ্রা বিনিময় হার সংক্রান্ত সমন্বয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এ কথা বলেন। বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের সঙ্কট চলার পরও বাংলাদেশের অর্থনীতি এখনও বেশ ভালো অবস্থায় রয়েছে বলে এসময় মন্তব্য করেন অর্থমন্ত্রী । তিনি আরো জানিয়েছেন দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদের আগামী অধিবেশনে একটি বিবৃতি দেওয়া হবে। মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমানো হবে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, "সরকার বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না। বর্তমানে দেশে যে ভাসমান মুদ্রা বিনিময় ব্যবস্থা চালু আছে সে ব্যবস্থাই থাকবে। সরকার এ ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবে না।" তিনি বলেন, "এ কথা ঠিক যে বিশ্ব অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে ভারত, চীন ও পাকিস্তানসহ বিভিন্ন দেশ ডলারের বিপরীতে তাদের মুদ্রার মান বেশ খানিকটা কমিয়েছে। কিন্তু এখন পর্যন্ত রপ্তানি বাণিজ্যে প্রতিযোগিতার ক্ষেত্রে আমাদের (বাংলাদেশ) কোনো প্রতিবন্ধকতা দেখা দেয়নি।" তবে একইসঙ্গে পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, "আমরা বিশ্ব পরিস্থিতি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছি।' অর্থমন্ত্রী বলেন, সব দেশেই জিডিপি প্রবৃদ্ধি আশঙ্কাজনক পর্যায়ে নেমে আসবে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাাভাস দিয়েছে। সব দেশেই এক ধরনের ভয় কাজ করছে। কিন্তু এত কিছুর পরও আমাদের অর্থনীতি অনেক ভালো অবস্থায় রয়েছে। অন্য যে কোনো দেশের চেয়ে আমাদের অর্থনীতির প্রধান সূচকগুলো বেশ ভালো। চলতি ২০০৮-০৯ অর্থবছরেও জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে থাকবে বলে আশা প্রকাশ করেন আবুল মাল আব্দুল মুহিত। মন্ত্রী বলেন, তিনি জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী হিসেবে একটি বিবৃতি জাতির সামনে তুলে ধরবেন। তিনি জানান, বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কট মোকাবিলার জন্য খুব শিগগিরই মন্ত্রিপরিষদের সভায় একটি 'টাস্কফোর্স' গঠন করা হবে। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। এর আগে গত রোববার বস্ত্র শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, সরকার টাকার মান ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের মধ্যে বিশ্ববাণিজ্যে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য হয়তো তা আর সম্ভব হবে না। সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকে মঙ্গলবার প্রতি ডলার বিক্রি হয়েছে ৬৯ টাকা ৩৫ পয়সায়। আর ব্যাংক কিনেছে ৬৮ টাকা ৪০ পয়সা দরে। বেশ কিছুদিন ধরে বাংলাদেশে এ দামের মধ্যেই ডলার কেনাবেচা হচ্ছে। ২০০৩ সালের ৩১ মে দেশে মুদ্রার বিনিময় হার বাজার ব্যবস্থার ওপর (ভাসমান মুদ্রা বিনিময় ব্যবস্থা) ছেড়ে দেওয়া হয়। এর পর থেকে সরকার বা বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করছে না। সমন্বয় কমিটির বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে-এ প্রশ্নের উত্তরে আবুল মুহিত বলেন, "আগামী ২০০৯-১০ অর্থ বছরের বাজেট তৈরি করতে হবে। একইসঙ্গে চলতি অর্থবছরের বাজেটও সংশোধন (রিভিউ) করতে হবে। এ সব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।" অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, অর্থ সচিব মোহাম্মদ তারেক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীন সম্পদ বিভাগের (আইআরডি) সচিব মোহাম্মদ আবদুল মজিদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররাফ হোসেন ভূঁইয়াসহ অর্থ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১৬১২ঘ.