ঢাকা, ফেব্রুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বাংলাদেশের রাজনীতিকরা সবসময়ই জাতীয় উন্নয়নের সঙ্গে বাণিজ্যের সম্পর্ক ও সম্ভাবনা উপলদ্ধি করতে ব্যর্থ হয়েছেন।
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অ্যান্ড ইকনমিক মডেল (সানেম) ও কাটস ইন্টারন্যাশনাল আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মন্ত্রী রোববার একথা বলেন।
তিনি বলেন, "রাজনীতিকরা মনে করে থাকেন ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট লোকজন ও অর্থনীতিবিদরাই কেবল বাণিজ্যের বিষয়টি দেখভাল করবেন।"
এ ব্যাপারে রাজনীতিকদের ভূমিকার সমালোচনা করে ফারুক খান বলেন, "জাতীয় সংসদে বাণিজ্য নিয়ে আলোচনা বলতে গেলে হয়ই না। উন্নয়নের বদলে বাণিজ্যকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে সরকারগুলো। জনগণের চাহিদা উপলব্ধি করতেও ব্যর্থ হয়েছেন রাজনীতিকরা।"
রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত 'জাতীয় উন্নয়নের মূল স্রোতধারায় আন্তর্জাতিক বাণিজ্যকে সম্পৃক্ত করা : দক্ষিণ এশিয়ার কিছু সমস্যা' শীর্ষক এই সম্মেলনে দক্ষিণ এশিয়ার অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা অংশ নেন।
মন্ত্রী আরও বলেন, বাণিজ্যের গুরুত্ব ও উন্নয়নে এর অবদান উপলব্ধির অভাবই বাণিজ্যের ক্ষেত্রে উন্নয়নে অন্যতম প্রধান বাধা।
অর্থনীতিবিদ রেহমান সোবহান সবাই লাভবান হবে এমন বাণিজ্যনীতি প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, "শুধু মালিক ও নীতি নির্ধারকদের জন্য নয়, বাণিজ্য নীতিতে এমন সব বিষয়ের ওপরও নজর দেয়া দরকার যাতে শ্রমিকরাও উপকৃত হয়।"
তিনি আরও বলেন, শিল্প সংক্রান্ত কর্মকাণ্ড ও সামাজিক কর্মকাণ্ডের মধ্যে কোন পার্থক্য নেই। এছাড়া জীবনাচারও নির্ভর করে শিল্প সংক্রান্ত কর্মকাণ্ডের ওপর।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান ও কাটস ইন্টারন্যাশনালের গবেষণা বিষয়ক পরিচালক সিদ্ধার্থ মিত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিআর/এইচএ/জিএনএ/১৯০৫ঘ.
bdnews24