ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুত ও জ্বালানি খাতের উন্নয়ন আগামী বছর সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি দাবি করছেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা থেকে বাংলাদেশ প্রায় বেরিয়ে এসেছে।
মুহিত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "রপ্তানি, মূলধনী যন্ত্রপাতি আমদানি ঊর্ধ্বমুখী। রেমিটেন্স খুবই ভালো। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সন্তোষজনক। এভাবে বলা যায়, আমরা মহামন্দার কবল থেকে প্রায় বেরিয়ে এসেছি।"
গত ৩০ ডিসেম্বর (বুধবার) রিজার্ভ ১০ দশমিক ৩০ বিলিয়ন (এক হাজার ৩০ কোটি) ডলারে দাঁড়িয়েছে। এই প্রথম রিজার্ভ হাজার কোটি ডলারের কোঠা স্পর্শ করে। গত এক বছরে (২০০৯ সাল) প্রবাসী বাংলাদেশীরা সাড়ে ১০ বিলিয়ন (এক হাজার কোটি ৫০ লাখ) ডলারের রেকর্ড পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন।
তবে বিনিয়োগ পরিস্থিতি সন্তোষজনক নয় স্বীকার করে তিনি বলেন, "কেবল বিনিয়োগ পরিস্থিতি একটু খারাপ। আমরা চেষ্টা করছি। আগামীতে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি।"
বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার সমুদয় সম্পদ ও দায়-দেনা নবগঠিত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) কাছে হস্তান্তরের জন্য ভেন্ডার এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠানে বক্তৃতা করেন অর্থমন্ত্রী।
অর্থনীতির ক্ষেত্রে নতুন বছরের প্রধান চ্যালেঞ্জ কী- প্রশ্ন করা হলে মুহিত বলেন, "আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন। তা না হলে দেশের উন্নয়ন হবে না।
"আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে সুশাসন ও সুনীতি প্রতিষ্ঠা করা।"
তিনি জানান, আগামী ৬ জানুয়ারি সরকারের এক বছর পূর্তি পালন করা হবে। রাষ্ট্রপতি (মো. জিল্লুর রহমান) ও প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) দুই জনই জাতির উদ্দেশে সেদিন ভাষণ দেবেন।
"এছাড়া অর্থনীতির পরিস্থিতি নিয়ে ৪ জানুয়ারি সংসদ অধিবেশনে বিবৃতি দেবো আমি", বলেন অর্থমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.
bdnews24