ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব মন্দার মধ্যেও ২০০৯ এ দেশের অর্থনীতির ভালো ছিলো বলে দাবি করছেন অর্থমন্ত্রী ও গভর্নর। অর্থনীতির সূচকগুলো তাদের পক্ষেই যায়।
তবে তত্ত্বাবধায়ক সরকারের সময় ধরে বিনিয়োগে যে খরা চলছিলো, তা প্রায় এক বছরে কাটাতে পারেনি মহাজোট সরকার। অর্থমন্ত্রী নিজেও তা স্বীকার করে আশা করছেন, অচিরেই তা কেটে যাবে।
এদিকে সারা বছর মোটামুটি গেলেও বছর শেষে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে বিশেষ করে চালের দাম বেড়ে যাওয়ায় জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
জানুয়ারিতে মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর পরই চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশ খানিকটা কমেছিলো। মোটা চালের কেজি ২০ টাকায় নেমে আসে। তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়েও চালের কেজি ছিল ৩০ টাকার ওপরে।
সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আস্থা এসেছিল যে দ্রব্যমূল্য কমাতে দেওয়া নির্বাচনী প্রতিশ্র"তি আওয়ামী লীগ রক্ষা করবে। কিন্তু বছরের শেষে এসে সে আশায় চিড় ধরেছে। পরপর কয়েক মৌসুম ধানের বাম্পার ফলনের পরও প্রতি কেজি মোটা চাল এখন ২৮ টাকায় বিক্রি হচ্ছে। ডাল, ভোজ্য তেলসহ অন্যান্য পণ্যের দামও এখন বেশ চড়া।
সরকারি কর্মকর্তা-কর্মচারিরা নতুন স্কেলে বাড়তি বেতন পেলেও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়েনি। মধ্যবিত্ত ও নিুমধ্যবিত্তরা বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন।
রাজধানীর শেওড়াপাড়ার রিকশাচালক তোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিকশা ভাড়া আগের থেকে বাড়িছে ঠিকই। কিন্তু সারা দিন যা কামাই করি, তা দিয়ে সংসার চলে না। সরকার যদি বাজারে জিনিসপত্রের দাম কমাইতো তাইলে একটু শান্তিতে থাকতাম।"
তবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে কৃষি উৎপাদন বাড়ানোসহ অন্যান্য পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মন্দার কারণে প্রবাসীদের পাঠানো অর্থ (রেমিটেন্স) ও রপ্তানি আয়ে বড় ধরনের ধস নামবে বলে আশঙ্কা করা হলেও তেমনটি হয়নি। রেমিটেন্সের ওপর ভর করেই বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০ বিলিয়ন (এক হাজার কোটি) ডলার ছাড়িয়ে গেছে। বছরের প্রথম দিকে রপ্তানি আয়ে কিছুটা নেতিবাচক ধারা পরিলক্ষিত হলেও শেষ ভাগে এসে তা আবার ঘুরে দাঁড়িয়েছে। রাজস্ব আদায় বেড়েছে। খাদ্য (চাল) আমদানি শূন্যের কোঠায় নেমে এসেছে।
বছর জুড়ে পুঁজিবাজার ছিল বেশ চাঙ্গা। মূল্যসূচক ও লেনদেনে রেকর্ডের পর রেকর্ড হয়েছে। শিল্প স্থাপনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) আমদানি বাড়ছে; বাড়ছে শিল্পের কাঁচামাল আমদানির পরিমাণ। সবমিলিয়ে বিশ্বমন্দার মধ্যেও গত এক বছর দেশের অর্থনীতিতে সুবাতাস ছিল বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
তবে অর্থনীতিদিরা এতে আত্মতুষ্টিতে না ভুগে দেশে বিনিয়োগ বাড়াতে এবং মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন।
কেমন ছিল গত এক বছরের অর্থনীতি-এ প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার বিবেচনায় গত এক বছর দেশের অর্থনীতি বেশ ভালোই ছিলো। তবে বিনিয়োগের ক্ষেত্রে স্থবিরতা ছিল। বছরের শেষ দিকে এসে সে স্থবিরতাও কাটতে শুরু করেছে। শিল্প স্থাপনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) আমদানি বাড়তে শুরু করেছে। গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।"
"বিশ্বমন্দা আমাদের অর্থনীতিতে যতোটা পভাব পড়বে বলে আশঙ্কা করা হয়েছিলো ততোটা পড়েনি। মন্দা মোকাবিলায় জন্য আমরা প্রণোদনা প্যাকেজ ঘোষণাসহ নানা ধরনের পদক্ষেপ নিয়েছি। আমরা বিশ্ব পরিস্থিতি সার্বক্ষনিক পর্যবেক্ষণ করছি। প্রয়োজন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিচ্ছি", বলেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, বিশ্বমন্দার মধ্যেও যে চারটি দেশ ভালো করেছে বাংলাদেশ তার একটি। সাহসিকতার সঙ্গে বাংলাদেশ মন্দা মোকাবেলা করেছে। এখন পর্যন্ত মন্দার তেমন প্রভাব বাংলাদেশে পড়েনি।
বিশ্বমন্দা বাংলাদেশের জন্য ইতিবাচক হয়ে এসেছে বলে মনে করছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।
তিনি বলেন, "এক অর্থে মন্দা বাংলাদেশের জন্য মঙ্গলই বয়ে এনেছে। মন্দার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেল, সার, খাদ্য পণ্যসহ প্রায় সব জিনিসের দাম কমে এসেছিল। এ কারণে আমদানি ব্যয় অনেক কমে গেছে। বৈশেশিক মুদ্রার রিজার্ভ বাড়ার পেছনে এটা অন্যতম কারণ।"
তবে গত কয়েক মৌসুম ফসলের (ধান ও গম) বাম্পার ফলন আমদানি ব্যয় কমাতে যথেষ্ট সহায়তা করেছে বলে মনে করেন সাবেক এ সচিব।
তবে বিনিয়োগ বাড়াতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে পরামর্শ দিয়ে আকবর আলি বলেন, "বিশ্বমন্দার প্রভাব কাটতে শুরু করায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, খাদ্য পণ্যসহ সব ধরনের পণ্যের দাম আবার বাড়তে শুরু করেছে। এ পরিস্থিতিতে কর্মসংস্থান বাড়াতে বিনিয়াগ বৃদ্ধি এবং দ্রব্যমূল্য তথা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই এখন সরকারের জন্য সব চেয়ে বড় চ্যালেঞ্জ।"
সরকারকে একটা বিষয় সব সময় বিবেচনা করতে হবে। দেশে বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান বাড়বে না, বাড়বে না মানুষের ক্রয় ক্ষমতা, বলেন তিনি।
হাজার কোটি ডলারের রিজার্ভ
অর্থনীতির সূচকগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এক বছরের ব্যবধানে রিজার্ভ দ্বিগুণ হয়েছে। ২০০৮ সালের ২২ ডিসেম্বর রিজার্ভের পরিমাণ ছিলো ৫ দশমিক ৮০ বিলিয়ন (৫৮০ কোটি) ডলার। গত ৩০ ডিসেম্বর (বুধবার) সেই রিজার্ভ বেড়ে ১০ দশমিক ৩০ বিলিয়ন (এক হাজার ৩০ কোটি) ডলার দাঁড়িয়েছে। যা দিয়ে কমপক্ষে ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে দাবি করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
বিগত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে শেষ সময়ে (২০০১ সালের আগস্ট-সেপ্টেম্বরের দিকে) রিজার্ভ এক পর্যায়ে প্রায় ১ বিলিয়ন (১০৪ কোটি) ডলারে নেমে এসেছিল। রিজার্ভ কমে যাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল সে সময়ের আওয়ামী লীগ সরকার। জাতীয় নির্বাচনে এ বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলো বিএনপি-জামায়াত জোট।
রেমিটেন্সে রেকর্ড
গত এক বছরে (২০০৯ সাল) প্রবাসী বাংলাদেশীরা সাড়ে ১০ বিলিয়ন (এক হাজার কোটি ৫০ লাখ) ডলারের রেকর্ড পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। এর আগে এক বছরে এই পরিমাণ রেমিটেন্স কখনোই আসেনি। ২০০৮ সালের এসেছিল ৮০০ কোটি (৮ বিলয়ন) ডলারেরও কম। গত নভেম্বর মাসে প্রবাসীরা ১০৫ কোটি ৩৫ লাখ ডলারের রেমিটেন্স দেশ পাঠিয়েছেন। আর এই রেমিটেন্সের ওপর ভর করেই রিজার্ভ ১০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) দেশে ৪৬৬ কোটি ২৩ লাখ ডলারের বেশি রেমিটেন্স দেশে এসেছে। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২২ দশমিক ৪২ শতাংশ বেশি। গত অর্থবছরে এই পাঁচ মাসে ৩৭৪ কোটি ৬৭ লাখ ডলারের রেমিটেন্স এসেছিলো।
বিশ্বমন্দা শুরু হওয়ার পর দাতা সংস্থা বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবিসব বিভিন্ন সংস্থা পূর্বাভাস দিয়েছিলো যে মন্দার কারণে বাংলাদেশে রেমিটেন্স আশঙ্কাজনকভাবে কমে আসবে। সিপিডিসহ (সেন্টার ফর পলিসি ডায়লগ) দেশের অনেক অর্থনীতিবিদও একই কথা বলেছিলেন। কিন্তু তাদের সবার পূর্বাভাস ভুল প্রমাণ করেছেন প্রবাসীরা।
রপ্তানি আয় বাড়ছে
গত অক্টোবর মাসে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৮ শতাংশ। অর্থ্যাৎ গত বছরের অক্টোবরের চেয়ে ২০০৯ সালের অক্টোবরে ১৮ শতাংশ বেশি রপ্তানি আয় দেশে এসেছে। বিশ্বমন্দার কারণে চলতি অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানি আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি ছিলো। অক্টোবর থেকে তা আবার ঘুরে দাঁড়িয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৪৮৯ কোটি ৭৭ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিলো। গত অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৫২৫ কোটি ১৫ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের চার মাসের হিসাবে গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৭৪ শতাংশ কম রপ্তানি আয় এসেছে।
তবে অর্থমন্ত্রী জোর দিয়ে বলেছেন, অর্থবছরের বাকি মাসগুলোতে রপ্তানি আয় বাড়বে এবং অর্থবছর শেষে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করবে।
আমদানি ব্যয় কমেছে
চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি ব্যয় কমেছে ১৪ দশমিক ৯৭ শতাংশ। অক্টোবর মাসে আমদানি ব্যয় কমেছে ২ দশমিক ৮৪ শতাংশ।
২০০৮-০৯ অর্থবছরে জুলাই-অক্টোবর সময়ে আগের অর্থবছরের একই সময়ে তুলনায় আমদানি ব্যয় বড়েছিল ৩২ দশমিক ৮০ শতাংশ।
গভর্নর জানিয়েছেন, দেশে বাম্পার ফলন হওয়ায় চাল আমদানি শূন্যের কোঠায় নেমে এসেছে। মূলত একারণেই আমদানি ব্যয় অনেকটা কমে এসেছে।
শিল্প স্থাপনের জন্য মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানি আগস্ট পর্যন্ত কম হলেও সেপ্টেম্বর থেকে তা বাড়ছে বলে জানান আতিউর রহমান।
রাজস্ব আদায় বেড়েছে ১৬ শতাংশ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বুধবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রাজস্ব আদায় ১৬ শতাংশ বেড়েছে। এ সময়ে মোট ২১ হাজার ৬১৬ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।
চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত বাড়ছে
বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে চলতি হিসাবের ভারসাম্য (ব্যালান্স অব পেমেন্ট) জোরালোভাবে বাংলাদেশের অনুকুলে রয়েছে। চলতি হিসাবের ভারসাম্যে বড় ধরনের উদ্বৃত্তাবস্থা ধরে রাখার মধ্য দিয়ে এর প্রতিফলন ঘটেছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) চলতি হিসাবে ১২৫ কোটি ৮০ লাখ ডলারর উদ্বৃত্ত দেখা দিয়েছে। গত অর্থবছরের একই সময়ে এটি ছিল ঋণাত্মক (
bdnews24