ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেউ কর ফাঁকি দিলে তার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেছেন, এক্ষেত্রে রাজনৈতিক পরিচয় দেখা হবে না।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় কর ফাঁকির অভিযোগে বহু রাজনীতিক এবং প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়। রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ সে রকমই কঠোর থাকার ঘোষণা দিয়েছেন।
তিনি বুধবার সেগুন বাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বলেন, "কর ফাঁকিবাজদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। কর ফাঁকিবাজ যতো বড় প্রভাবশালীই হোক না কেন; তার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন- এনবিআর তার বিরুদ্ধে অবশ্যই মামলা করবে।"
"আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে রাজস্ব আদায় করা। এ ক্ষেত্রে কেউ কর ফাঁকি দিলে সে বিষয়টিই আমাদের কাছে মুখ্য হবে", বলেন তিনি।
আয়কর নীতি বিভাগের সদস্য আমিনুর রহমান জানান, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আয়কর ফাঁকির অভিযোগে ৭২টি মামলা করা হয়। এর মধ্যে ৩২টির রায় হয়েছে।
"এখন রাজনৈতিক সরকার দেশ পরিচালনা করলেও ভিআইপি কর ফাঁকিবাজদের বিরুদ্ধে মামলা দায়ের বন্ধ হয়নি; অব্যাহত থাকবে", বলেন তিনি।
সংবাদ সম্মেলনে রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরা হয়।
এনবিআর জানায়, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে ২১ হাজার ৬১৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৬ শতাংশ বেশি।
রাজস্ব আদায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন এনবিআর চেয়ারম্যান।
তিনি জানান, মূল্য সংযোজন কর (ভ্যাট) খাতে রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান ভ্যাট আইনে সংস্কার আনা হবে। এ লক্ষ্যে আগামী ৪ ফেব্র"য়ারি মাসে সংশোধিত আইনের খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
শুল্ক আইনেও কিছু জটিলতা দূর করা হবে বলে জানান নাসির উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজস্ব আয় বাড়াতে নতুন করদাতা সন্ধানে দেশব্যাপী জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে। এ জরিপের কারণে আগামী জুন মাসের মধ্যে অতিরিক্ত ৪ লাখ করদাতা যোগ হতে পারেন বলে ধারণা দেন এনআির চেয়ারম্যান।
বর্তমানে টিআইন নম্বরধারী ব্যক্তিশ্রেণীর আয়করদাতার সংখ্যা ২২ লাখের বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৮০০ ঘ.
bdnews24