২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি

নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে মূল্য বেশি থাকায় সরকার আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 11:57 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে মূল্য বেশি থাকায় সরকার আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। সরকারিভাবে অভ্যন্তরীণ বাজার থেকে তিন লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু এ পর্যন্ত মাত্র সাত হাজার মেট্রিক টন চাল সরবরাহ করতে মিল মালিকদের সঙ্গে সরকারের চুক্তি হয়েছে। এরমধ্যে সরকারি গুদামে চাল পৌঁছেছে মাত্র ৭২৬ মেিিট্রক টন। এ অবস্থায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে চাষীদের কাছ থেকে ৪০ শতাংশ চাল কেনার সরকারি শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে মিল মালিকরা অভ্যন্তরীণ বাজার থেকেই ধান সংগ্রহ করে গুদামে চাল সরবরাহ করতে পারবেন। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সভাপতিত্ব করেন। কমিটির সদস্য অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্য সচিব মোখলেছুর রহমান, কৃষি সচিব সিকিউকে মোস্তাক ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, কৃষকদের কাছে উৎপাদিত ধানের মূল্য পৌঁছাতে সরকার ৪০ শতাংশ ধান ও চাল কৃষকদের কাছ থেকে কেনার জন্য মিল মালিকদের শর্ত দিয়েছিল। কিন্তু বাজারে মূল্য বেশি হওয়ায় মিল মালিকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে কৃষকরা ধান বা চাল দিচ্ছে না। তাই সরকার নীতিগতভাবে ওই সিদ্ধান্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। বাজারে চালের মূল্য আকস্মিকভাবে বেড়ে যাওয়ার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ভারতে চালের সংকট ও মূল্য বৃদ্ধির গুঞ্জন তুলে এক শ্রেণীর ব্যবসায়ী বাজার চালের মূল্য বাড়িয়ে দিচ্ছে। প্রকৃতপক্ষে একমাত্র ভারত ছাড়া প্রতিবেশী ও চাল রপ্তানীকারক সব দেশেই চালের উৎপাদন বেড়েছে। ভারতে এবার চালের উৎপাদন একটু কম হয়েছে। এ প্রসঙ্গে তিনি ভারতের মন্ত্রী শারদ পাওয়ারের সঙ্গে তার আলোচনার কথা উল্লেখ করে বলেন, ভারতে ৮০ লাখ মেট্রিক টন চালের মজুদ রয়েছে। তাই উৎপাদন কম হলেও ভারত বাইরে থেকে চাল আমদানি করবে না। এছাড়াও মিয়ানমার সরকার ইতোমধ্যেই বাংলাদেশে দুই লাখ মেট্রিক টন চাল রপ্তানীর আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছে। মূল্যও বাংলাদেশের জন্য সহনশীল। অচিরেই ওএমএস কার্যক্রম শুরু হচ্ছে কিনা জানতে চাইলে মুহিত জানান, দেশে বর্তমানে ১১ লাখ ২৬ হাজার মেট্রিক টন চাল ও গমের মজুদ রয়েছে। আগামী দুই মাসের মধ্যে আরো দুই লাখ ৩০ হাজার মেট্রিক টন গম আমদানি হচ্ছে। এ অবস্থায় সরকার বাজার নিয়ন্ত্রণের জন্য ওএমএস চালু করতে পারে। কিন্তু বাজার এখনো তেমন অস্বাভাবিক হয়ে ওঠেনি। তিনি বলেন, বাজার অস্থিতিশীল হলেই সরকার ওএমএস কার্যক্রম শুরু করবে। তবে সরকার ইতোমধ্যে দুই মেট্রিক টনের কাবিখা কর্মসূচি শুরু করেছে। দু'একদিনের মধ্যেই এর প্রভাব বাজারে পড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৭৫১ ঘ.