২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন শেয়ার ছাড়ায় শর্ত শিথিলের ইঙ্গিত

নতুন কোনও কোম্পানিকে তার পরিশোধিত মূলধনের ন্যূনতম ৪০ শতাংশের সমপরিমাণ প্রাথমিক শেয়ার ছাড়ার শর্তটি শিথিলের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 09:59 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন কোনও কোম্পানিকে তার পরিশোধিত মূলধনের ন্যূনতম ৪০ শতাংশের সমপরিমাণ প্রাথমিক শেয়ার ছাড়ার শর্তটি শিথিলের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বুধবার সাংবাদিকদের বলেছেন, "পুঁজিবাজারের স্বার্থে আমরা এ শর্ত পুনরায় বিবেচনা করবো।" চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি ফখরুদ্দিন আলি আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরই এ কথা বলেন মন্ত্রী। গত ৫ নভেম্বর অর্থ মন্ত্রণালয় নতুন শেয়ার ছাড়ার ক্ষেত্রে মূলধনের ন্যূনতম ৪০ শতাংশের সমপরিমাণ প্রাথমিক শেয়ার ছাড়ার শর্তটি চালু করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী চলতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) নির্দেশও দেওয়া হয়। তবে সরকারের এ সিদ্ধান্তে পুঁজিবাজারে সমালোচনা ওঠে। গত ১৪ ডিসেম্বর দেশের দুটি শেয়ার বাজারের যৌথকমিটির এক সভায় মূলধনের ন্যূনতম ৪০ শতাংশের সমপরিমাণ প্রাথমিক শেয়ার ছাড়তে সরকারের এক পাক্ষিক সিদ্ধান্তের সমালোচনা হয়। ডিএসই'র সভাপতি রাকিবুর রহমান সেদিন সাংবাদিকদের বলেন, "পুঁজিবাজার বিষয়ক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিনিয়োগকারীদের (বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম শেয়ার বাজারের) সঙ্গে আলোচনা করা উচিত।" সরকারের সিদ্ধান্ত উচ্চ মূলধন পরিশোধ করে এমন অনেক কোম্পানিকে শেয়ারবাজারে বিনিয়োগে নিরুৎসাহিত করবে বলেও অভিযোগ করেন তিনি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে এ বিষয়ে অর্থমন্ত্রীর কাছে একটি প্রস্তাব দেওয়া হয়। তারা ৫০ কোটি থেকে ৫০০ কোটি টাকার মধ্যে মূলধন পরিশোধ করে যে সব কোম্পানি তাদের প্রাথমিক শেয়ার ও মূলধনের অনুপাত ২৫ শতাংশ এবং ৫০০ কোটি টাকার বেশি মূলধন পরিশোধকারী কোম্পানিগুলোর জন্য তা ১৫ শতাংশ হারে নির্ধারণের প্রস্তাব দেন। বিদ্যমান আইন অনুযায়ী মিউচুয়াল ফান্ডস (এমএঅএস) চালুর জন্যও সিএসই অর্থমন্ত্রীর প্রতি আহ্বানও জানায়। তবে একসঙ্গে অনেকগুলো নয় বরং ধীরে ধীরে এমএফএস চালুর অনুমোদন দিতে পুঁজিবাজার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মুহিত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ভালো শেয়ার হওয়ায় বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডের দিকে বেশি ঝুঁকবে।" সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী জানান, তারা তাদের সর্বোত্তম চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, "সরকার এসব প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার চেষ্টা করলেও প্রতিষ্ঠানগুলোর নিজেদের কারণেই তাতে বিলম্ব হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএইচএন/এফএফ/এমআই/১৭০০ ঘ.