২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জব্দ অর্থ ফেরত নয়: মুহিত

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন শিল্পপতি ও ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়ার খবর নাকচ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 08:37 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন শিল্পপতি ও ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়ার খবর নাকচ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে জব্দ করা 'অবৈধ' ওই অর্থ ফেরত দেওয়া হচ্ছে বলে বুধবার কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়। এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, "ওই রিপোর্ট (সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন) উদ্দেশ্যমূলক। ওই অর্থ ফেরত দেওয়া কোনো বিবেচনা সরকারের নেই।" তিনি বলেন, "এ টাকা সরকারের পকেটে চলে গেছে। তা এখন সমন্বিত তহবিলে জমা আছে। একবার এ তহবিলে টাকা গেলে তা ফেরত দিতে হলে বাজেটারি অ্যালোকেশন লাগে।" সে প্রক্রিয়ায় টাকা ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা- জানতে চাইলে মুহিত উষ্মা প্রকাশ করে বলেন, "আমি বল্লাম তো, এ ধরনের কোনো বিবেচনা সরকারের নেই।" পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যে সব প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে, তাদের তালিকা কেন্দ্রীয় ব্যাংকের কাছে চেয়েছে অর্থ মন্ত্রণালয়। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, "আমার কাছে পূর্ণাঙ্গ ওই তালিকা ছিলো না, সে কারণে আমি কেন্দ্রীয় ব্যাংকের কাছে ওই তালিকা চেয়েছিলাম। এর মানে এই নয় যে ওই টাকা ফেরত দেওয়া হবে।" বিগত সময়ে কী পরিমাণ 'অবৈধ' অর্থ জব্দ করা হয়েছিলো, তা অর্থমন্ত্রী প্রকাশ করেননি। তবে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, এর পরিমাণ ১ হাজার ২৩২ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/এমআই/১৪৩০ ঘ.