ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ মন্ত্রণালয়ের অধীনে আরো একটি বিভাগ খোলা হচ্ছে। নতুন এ বিভাগটির নাম হবে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান।
প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির এক সভায় সোমবার এ সিদ্ধান্ত হয়েছে।
সোমবার মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় অর্থ সচিব ড. মোহাম্মদ তারেক, সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ ও অতিরিক্ত অর্থ সচিব (ব্যাংকিং) শফিকুর রহমান পাটোয়ারিসহ সংশ্লিষ্ট সচিব ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অর্থ সচিব ড. মোহাম্মদ তারেক এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা হয়।
এতে উপস্থিত এক কর্মকর্তা জানান, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় অর্থ মন্ত্রণালয়ের এই প্রস্তাবটি নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন এই বিভাগ কার্যকর হলে অর্থ মন্ত্রণালয়ের অধীনে তিনটি বিভাগ হবে। বর্তমানে অর্থ বিভাগ ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ নামে দুটি বিভাগ রয়েছে।
ওই কর্মকর্তা আরো জানান, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান নামে একটি অনুবিভাগ দিয়ে এতোদিন এ সংক্রান্ত কাজ চলতো। ওই অনুবিভাগটিকে বিভাগে উন্নীত করা হয়েছে। ফলে একজন সচিবের নেতৃত্বে এখন বিভাগটির কার্যক্রম চলবে।
সভায় নতুন বিভাগটির জন্য মোট ৮২ জন কর্মকর্তা ও কর্মচারীর পদ অনুমোদন দেওয়া হয়। এরমধ্যে ১৫টি পদ নতুন করে সৃষ্টি করা হচ্ছে। ব্যাংক অনুবিভাগে বর্তমানে কর্মরত ৬৭টি পদও নতুন করে খোলা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে স্থানান্তর হবে।
নতুন পদগুলোর মধ্যে বিভাগের সর্বোচ্চ পদ একটি সচিব, একটি যুগ্মসচিব এবং বাকি ১৩টি উপ-সচিব ও সিনিয়র সহকারী সচিবের পদ।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত কাজগুলো এ বিভাগের মাধ্যমে পরিচালনা করা হলেও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের কাজ করবেন অর্থ সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৯৪৮ ঘ.
bdnews24