২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিসিবির মাধ্যমে পাম তেল আমদানির উদ্যোগ

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টিসিবি'র মাধ্যমে মালয়েশিয়া থেকে কম দামে পাম তেল আনার উদ্যোগ নেবে বাণিজ্য মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 09:49 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টিসিবি'র মাধ্যমে মালয়েশিয়া থেকে কম দামে পাম তেল আনার উদ্যোগ নেবে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রী ফারুক খান সফররত মালয়েশিয়ার মন্ত্রী বার্নাড জি ডমপকের সঙ্গে বৈঠকের পর রোববার সাংবাদিকদের এ কথা জানান। ফারুক খান বলেন, দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা ছাড়াও বাংলাদেশে পাম তেলের চাহিদার পুরোটাই মালয়েশিয়া সরবরাহ করতে সম্মত হয়েছে। এছাড়াও বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ওষুধ, সিরামিকসহ আরো কিছু পণ্য রপ্তানির বিষয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, মালয়েশিয়া থেকে কম দামে ভালো মানের পাম তেল আমদানির জন্য টিসিবি এবং মালয়েশিয়ার পাম বোর্ডের সঙ্গে কয়েক মাসের মধ্যে চুক্তি সাক্ষর হবে। এজন্য পাম বোর্ডের সঙ্গে এক সপ্তাহের মধ্যে টিসিবি আলোচনা শুরু করবে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে তেল আমদানি করা গেলে দেশের বাজারে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে থাকবে বলে ফারুক খান আশা করছেন। বর্তমানে দেশে ভোজ্য তেলের চাহিদা প্রায় ১৫ লাখ টন। এর মধ্যে ১০ থেকে ১২ লাখ টন পাম ওয়েল আমদানি হয়। বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমানে পাম তেলের ৩০ থেকে ৪০ শতাংশ মালয়েশিয়া থেকে আমদানি করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। বাকি তেল আসে ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশ থেকে। ফারুক খান জানান, বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করতে মালয়েশিয়ায় ৮ থেকে ১০ জানুয়ারি একটি রোড শো করবে বাণিজ্য মন্ত্রণালয়। ১০ সদস্যের বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী মালয়েশিয়ার মন্ত্রী বার্নাড জি ডমপক সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে নিরবিচ্ছিন্নভাবে পাম তেল সরবরাহের বিষয়টি প্রাধান্য পায়। বাংলাদেশে মালয়েশিয়ার রাষ্ট্রদূত জামাল উদ্দিন সাবেহ এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুস্তফা মহিউদ্দিনও বৈঠকে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৫৩৪ ঘ.