ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুতার দাম না কমলে দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান নিট খাতের ছোট ও মাঝারি কারখানাগুলো বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছে শিল্পমালিকদের সংগঠন বিকেএমইএ।
বিকেএমইএ সভাপতি ফজলুল হক শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, "সুতার এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকতে না পেরে ছোট ও মাঝারি অনেক নিট কারখানা বন্ধ হয়ে যাবে।"
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত দু-আড়াই মাসে স্থানীয় বাজারে সুতার দাম প্রতি কেজিতে ৮০ সেন্ট বেড়েছে। আগে যে সুতা ২ ডলার ২০ সেন্ট থেকে ২ ডলার ২৫ সেন্টে পাওয়া যেতো। এখন সেই সুতা ৩ ডলার ৫ সেন্ট থেকে ৩ ডলার ১০ ডলারে কিনতে হচ্ছে। এর ফলে পণ্যের উৎপাদন খরচ ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে।
সুতার দাম কমাতে সরকারের পদক্ষেপ প্রত্যাশা করেছেন তিনি।
বিকেএমইএ সভাপতি আরো বলেন, মন্দার কারণে নিট পোশাক রপ্তানিতে এমনিতেই নেতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে সুতার দাম বেড়ে যাওয়ায় এ খাতে নতুন সঙ্কট দেখা দিয়েছে।
তিনি অভিযোগ করেন, তুলার দাম বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি সুতার দাম ৮ থেকে ১০ সেন্ট বাড়লেও আমাদের (দেশের) মিল মালিকরা দাম ৮০ সেন্ট বাড়িয়ে দিয়েছে। যা অযৌক্তিক।
নারায়ণগঞ্জে দ্বিতীয় ২য় শ্রমিক উৎসব
সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে শ্রমিক উৎসবের আয়োজন করা হয়েছে।
১৮ ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু উৎসবের উদ্বোধন করবেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উৎসবে বিভিন্ন নিট পোশাক কারখানার ২০০ জন শ্রমিক গান, নাচ, নাটক, কৌতুক, ম্যাজিক, ফ্যাশন শো ও আদিবাসী নৃত্য পরিবেশন করবে।
ফজলুল হক বলেন, "শ্রমিকদের আমরা শুধু বেতন-ভাতা দিয়েই সন্তুষ্ট করতে চাই না। তাদেরক উৎসাহ-উদ্দীপনা দিতে চাই। মালিক-শ্রমিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চাই।"
উৎসবে এক লাখের বেশি শ্রমিক সমবেত হবে বলে জানান তিনি।
তিনি জানান, উৎসবে অংশ নেয়া শ্রমিকদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বাংলাদেশের নীট পণ্য বিশ্বের ১০০টিরও বেশি দেশে রপ্তানি হয়ে থাকে। এ খাত থেকে গত ২০০৮-০৯ অর্থবছরে ৬ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয় দেশে আসে।
বর্তমানে নিট পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয় । চীন ও তুরস্ক যথাক্রমে ১ম ও ২য় অবস্থানে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/এমআই/১৮০০ ঘ.
bdnews24