ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় মাসে ১০ হাজার বেকার পুরুষ ও নারীকে ব্যবসায়ী হিসেবে তৈরি করার দুটি প্রকল্প হাতে নিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
'কর্মসংস্থান প্রকল্প' এবং 'এক পরিবার-এক ব্যবসায়ী প্রকল্প' নামের দুটি প্রকল্প শনিবার থেকেই চালু হয়েছে। এ জন্য গঠন করা হয়েছে 'এফবিসিসিআই ফাউন্ডেশন'।
এফবিসিসিআই (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেন, "এ দুই প্রকল্পের মাধ্যমে আগামী ছয় মাসে ঢাকাসহ সারাদেশে সাত থেকে ১০ হাজার বেকার পুরুষ ও নারীর কর্মসংস্থান এবং ২৫০ ক্ষুদ্র ব্যবসায়ী তৈরি করা হবে। বছর শেষে ৫০ হাজার বেকার কাজের সুযোগ এবং পাঁচ হাজার জনকে স্বনির্ভর ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।"
বেকারদের কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা তৈরি এবং মানব সম্পদ উন্নয়নের জন্য সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে এ উদ্যোগ বলে তিনি জানান।
আনিসুল বলেন, ব্রেড বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুককারক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি এবং সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশনে ১০ হাজার বেকার নারী-পুরুষ কাজ করবে।
"বেকারি ও রেঁস্তোরায় কাজ পেতে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হবে না। শুরুর প্রথম ছয় মাস তারা অন্যান্য সুযোগ সুবিধাসহ মাসিক ১৫০০ টাকা এবং এরপর দুই হাজার টাকা বেতন দেওয়া হবে। এতে শুরুতে আড়াই'শ নারী কাজের সুযোগ পাবে।"
সাইবার ক্যাফেতে কাজ পেতে অষ্টম শ্রেণী পাশ হতে হবে। এদের প্রতিমাসে ২৫০০ হাজার টাকা মাসিক বেতন দেওয়া হবে।
এফবিসিসিআই সভাপতি জানান, আট মাস আগে এফবিসিসিআই বোর্ড ব্যবসায়ীদের সিএসআর এর অংশ হিসেবে এ ফাউন্ডেশন গঠনের কার্যক্রম হাতে নেয়। এফবিসিসিআই পরিচালকরা প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দিচ্ছে।
ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই পরিচালক নুরুল ফজল বুলবুল বলেন, "এক পরিবার এক ব্যবসায়ী প্রকল্পের মাধ্যমে বেকারদের ক্ষুদে ব্যবসায়ী হিসেবে স্বল্প চেষ্টায় স্বনির্ভর করার উদ্যোগ নেওয়া হবে। চেম্বারগুলোর সুপারিশের মাধ্যমে আবেদনকারীদের ন্যূনতম ২৫ হাজার টাকা দেওয়া হবে ব্যবসা শুরু করতে।"
তিনি বলেন, এফবিসিসিআই পরিচালকদের সহায়তায় ইতিমধ্যে ৩৮ লাখ তহবিল গঠন করা হয়েছে। আগামী বছরের শেষ নাগাদ এ তহবিল এক কোটি টাকায় উন্নীত করার চেষ্টা করা হবে।
তিনি সিএসআর এর অর্থ আয়কর মুক্ত করতে সরকারের প্রতি আহবান জানান।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি আবুল কাশেম আহমদ, ফাউন্ডেশনের ওয়ার্কিং কমিটির আহবায়ক আবু আলম চৌধুরী প্রমুখ।
এ দুই প্রকল্পের আওতায় কাজ পেতে আগ্রহীদের নির্ধারিত ফর্মে অথবা জেলা চেম্বারের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি ফোন করেও তারা তালিকাভুক্ত হতে পারবেন।
আগ্রহীরা নিুের নম্বরগুলোতে সরাসরি ফোন করতে পারবেন।
ল্যান্ড ফোন ৯৫৬০১০২-৩ এবং আব্দুল মান্নান (০১৮১৭-১৪২৬১৬), মামুনুর রহমান (০১৭১১-৮০৩১৩১), হারুন অর রশিদ (০১৮১৯-২৪৫৫৭৭), নুরুল হুদা (০১৭১২-৫৬৯৪০৫), কুলদীপ দত্ত (০১৭১৬-৬২৯৫৫৯), ওয়ালিয়ার রহমান (০১৫৫২-৩২১৬৩৬)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৭০০ ঘ.
bdnews24