২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিট ও উভেন রপ্তানি কমছে

চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশের প্র্রধান দুটি রপ্তানি পণ্য নিটওয়্যার ও উভেন রপ্তানি গতবারের তুলনায় কমেছে ৫ দশমিক ৮ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2009, 03:56 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশের প্র্রধান দুটি রপ্তানি পণ্য নিটওয়্যার ও উভেন রপ্তানি গতবারের তুলনায় কমেছে ৫ দশমিক ৮ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) হিসাব মতে, এ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ২০৯৪ মিলিয়ন মার্কিন ডলারের নিট পণ্য রপ্তানি হয়েছে। যা আগের বছরের একই সময়ে তুলনায় চার দশমিক ২৮ শতাংশ কম। আর আগের বছরের একই সময়ের তুলনায় উভেন পণ্য রপ্তানি কমেছে ৭ দশমিক ৩২ শতাংশ। নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বছর শেষে রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা রয়েছে।" অক্টোবরে ২৩ শতাংশ প্রবৃদ্ধি হলেও নভেম্বর-ডিসেম্বরে তা অব্যাহত থাকবে না বলে মনে করছেন তিনি। কারণ জানতে চাইলে তিনি বলেন, সুতার দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। ক্রেতারা কম দাম প্রস্তাব করার কারণে রপ্তানিকারকরা পিছিয়ে যাচ্ছে। ইপিবির ভাইস-চেয়ারম্যান শাহাব উল্ল্যাহ অবশ্য লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবেন বলে আশা করছেন। শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বছরের সবসময় তো এক রকম প্রবৃদ্ধি হয় না।" গত অর্থবছরের প্রথম তিন মাসে অস্বাভাবিক প্রবৃদ্ধি হয়েছিল জানিয়ে তিনি বলেন, এ কারণেই এ বছর কম মনে হচ্ছে। ইপিবি'র তথ্যমতে, চলতি অর্থবছর এ যাবত লক্ষ্যমাত্রার চেয়ে মোট রপ্তানি কমেছে ১৯ দশমিক ৫৩ শতাংশ। যদিও অক্টোবরে গতবারের তুলনায় প্রায় ১৮ দশমিক ০১ শতাংশ রপ্তানি বেড়েছে। ব্যুরোর হিসাব বলছে, কৃষি পণ্য, চা, চামড়া, হিমায়িত খাদ্য ও সিরামিকসহ আরও বেশ কয়েকটি পণ্যের রপ্তানি কমলেও ওষুধ, কাঁচাপাট ও মেলামাইনসহ কয়েকটি পণ্যের রপ্তানি বেড়েছে। চলতি অর্থবছর এক হাজার ৭৬০ কোটি (১৭ দশমিক ৬০ বিলিয়ন) মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। গত অর্থবছর তা ছিলো এক হাজার ৬৩০ কোটি (১৬ দশমিক ৩০ বিলিয়ন) ডলার। তবে বছর শেষে লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৫০ শতাংশ কমে এক হাজার ৫৫৬ কোটি ডলার রপ্তানি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমইউএস/এএনএস/জিএনএ/২১৫৬ঘ.