ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রুগণ শিল্প প্রতিষ্ঠানগুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করেও এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য একটি নীতিমালা তৈরির আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রুগণ শিল্প প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশে সিক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
সচিবালয়ে ওই বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "রুগণ শিল্পগুলোর ব্যাপারে পদক্ষেপ নিতে আমরা একটি নীতিমালা তৈরি করতে যাচ্ছি।"
দেশের প্রায় ৭০০ রুগণ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ২৭০টি তৈরি পোশাক খাতের, ১০৮টি বিশেষায়িত বস্ত্র খাতের ও ৮০টি ট্যানারি।
এসব শিল্প প্রতিষ্ঠানের বিষয়ে অস্বস্তি প্রকাশ করে বলেন, "সিক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন আমার জন্য ডিসগ্রেসফুল।
যারা ১৫ বছর ধরে রুগণ হয়ে আছে, তাদের টিকে থাকার অধিকার নেই।"
অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ সিক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী মোহাম্মদ ইসহাক তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সরকারি সহায়তা চান।
তিনি দাবি করেন, ব্যাংক ও সরকারের নীতির কারণেই বিভিন্ন প্রতিষ্ঠান রুগ্ণ হয়ে পড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৭৩০ ঘ.
bdnews24