ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনেতিক মন্দা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশ ডিসপ্রোপরশনেটলি অ্যাফেক্টেড কান্ট্রির (ড্যাক) সুবিধা চাইবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
সোমবার মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।
৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের সপ্তম বৈঠক হওয়ার কথা। এতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল যোগ দেবে।
ফারুক খান বলেন, "বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমরা ডিসপ্রোপরশনেটলি অ্যাফেক্টেড কান্ট্রি হয়েছি। এ হিসেবে বাংলাদেশকে যেন কোনো উন্নয়নশীল দেশের চাইতে অধিক শুল্ক দিতে না হয় সেজন্য আমাদের যুক্তি তুলে ধরবো।"
যুদ্ধ ও অন্যান্য কারণে ইতোমধ্যে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে 'ডিসপ্রোপরশনেটলি অ্যাফেক্টেড কান্ট্রি' হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের বাজারে এ দুটি দেশের পোশাক শিল্পের বাছাই করা পাঁচটি করে পণ্যের শুল্ক পাঁচ বছরের মধ্যে পাঁচ শতাংশে নামিয়ে আনার ব্যাপারে আলোচনা চলছে।
বর্তমানে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পোশাক শিল্প ১৫ শতাংশ ট্যারিফ রেটে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাকিস্তান ও শ্রীলঙ্কার পোশাক শিল্পের যেসব পণ্য পাঁচ শতাংশ শুল্ক সুবিধার আওতায় রয়েছে বাংলাদেশের পোশাক রপ্তানির ৫০ শতাংশই ওই ধরনের পণ্য। স্বাভাবিকভাবেই এটা কার্যকর হলে দেশের পোশাক রপ্তানিতে একটা ধাক্কা লাগবে।"
এ সম্মেলনে আলোচনার 'তেমন কোনো সুযোগ নেই' উল্লেখ করে ফারুক খান বলেন, "তারপরও আমরা আশা করছি, আমাদের দাবিগুলো উত্থাপন করতে পারবো।"
তিনি বলেন, বাংলাদেশ ড্যাকের সুবিধা পেলে শ্রীলঙ্কা ও পাকিস্তান আপত্তি করবে না।
ড্যাক ছাড়া এবারের ডব্লিউটিও বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আরো চারটি বিষয় উত্থাপন করা হবে বলে মন্ত্রী জানান।
এর মধ্যে রয়েছে বাংলাদেশে বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব, শুল্কমুক্ত, কোটামুক্ত বাজার সুবিধা, অগ্রাধিকার ভিত্তিতে স্বল্পোন্নত দেশগুলোর জন্য সার্ভিস ওয়েভার বাস্তবায়ন এবং এসব দেশে খাদ্য আমদানির ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ না করার আহ্বান।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ৯৭ ভাগ পণ্য শুল্কমুক্ত সুবিধা পেলেও এ তালিকায় তৈরি পোশাক শিল্প ও চামড়াজাত দ্রব্যসহ প্রধান রপ্তানি পণ্যগুলোই নেই।
প্রধান রপ্তানিপণ্যগুলো যেন শুল্কমুক্ত সুবিধায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারে সে বিষয়টি তোলা হবে বলেও জানান ফারুক খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এসকে/২০৫৪ঘ.
bdnews24