ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার প্রথম দেড় ঘণ্টা পর্যন্ত লেনদেন কমবেশি আগের দিনের মতোই ছিল। এ সময়ে সাধারণ মূল্য সূচকে (ডিজিইএন) তেমন কোনো পরিবর্তন আসেনি।
দিনের শুরুতে হঠাৎ করেই সূচক ২০ পয়েন্টের বেশি পড়ে যায়। তবে বেলা সাড়ে ১১টার মধ্যে তা আগের অবস্থায় ফিরে এলেও দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত প্রায় অপরিবর্তিত থাকে।
এরপর সূচক আবার বাড়তে শুরু করে এবং লেনদেন শেষ হয় বুধবারের চেয়ে ৬৬ পয়েন্ট বেশিতে।
দিনের শেষ দিকে লেনদেন বাড়ার পেছনে বঙ্গবন্ধু মামলার রায় কিছুটা হলেও প্রভাব ফেলে বলে মনে করছেন পুঁজিবাজার বিশেষজ্ঞরা।
তারা বলেন, রায় ঘোষণার পর বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং এর কিছুটা প্রভাব পড়ে লেনদেনে।
বৃহস্পতিবার ঐতিহাসিক এক রায়ে বঙ্গবন্ধু মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। ফলে হত্যাকারীদের ফাঁসির হাইকোর্টের রায় বহাল রইলো।
ডিএসই প্রেসিডেন্ট রকিবুর রহমান জানান, বঙ্গবন্ধু মামলার রায়ের খবর আসার আগ পর্যন্ত বিনিয়োগকারীরা লেনদেনে তেমন উৎসাহী ছিলেন না।
"তারপর (রায়ের পর) স্বাভাবিক গতিতে লেনদেন শুরু হয়", বলেন তিনি।
এ রায়ের ফলে দেশের উন্নয়নের পথ পরিষ্কার হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এমনটা মনে করছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও। তবে তারা জানান, কম মূল্যে শেয়ার কেনার প্রবণতাও এদিন সূচক বাড়ায় ভূমিকা রেখেছে।
মিউচুয়াল ফান্ড অপারেটর ইওয়ার সাইদ জানান, রায়ে কী হয় তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা থাকায় দিনের প্রথম দেড় ঘণ্টায় দর উঠানামা ও লেনদেনের হার তুলনামূলকভাবে কম ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সূচক বাড়ায় নিশ্চিতভাবেই এটা (রায়) ভূমিকা রেখেছে। ... জাতি ৩৪ বছর পর কলঙ্কমুক্ত হয়েছে।"
তবে গত কয়েকদিন বাজারে অধিকাংশ ক্ষেত্রে দরপতন অব্যাহত থাকার বিষয়টিও সপ্তাহের শেষ দিনের সূচক বাড়ায় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশের প্রধান কর্মকর্তা সাইদ।
"এছাড়া রায়ের বেশ আগ থেকেই লেনদেন হচ্ছিল না।... কী না কী হয় তা নিয়ে সন্দিহান থাকায় আমরা লেনদেন থেকে বিরত ছিলাম", বলেন তিনি।
অবশ্য, বৃহস্পতিবার বঙ্গবন্ধু মামলার রায় ও বাজার উঠানামার মধ্যে তেমন কোনো সম্পর্ক খুঁজে পাননি ক্ষুদ্র বিনিয়োকারীরা।
তাদেরই একজন মুহিবুল ইসলাম। একটি ব্রোকারেজ হাউজের ট্রেডিং ফ্লোরে দাঁড়িয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বাজার ওঠানামায় আমি রায়ের কোনো প্রভাব দেখছি না।"
তবে এ রায়ের খুবই প্রয়োজন ছিল এবং এর মাধ্যমে জাতি একটি অভিশাপ থেকে মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দিনের মাঝামাঝি পুনরায় সূচক বাড়ার কারণ জানতে চাইলে মুহিবুল জানান, কম দামে শেয়ার কেনার প্রবণতার কারণে এমনটা হয়েছে বলে মনে করেন তিনি।
তবে গত ২০ বছর শেয়ার ব্যবসায় জড়িত নুরুল আলম বলেন, রায় বিনিয়োগকারীদের মাঝে আস্থা এনে দেওয়ায় দিনের মাঝামাঝি লেনদেন বাড়ে।
"এ ধরনের ঘটনা সাধারণত এই বাজারে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না। তবে গত কয়েকদিন সরকার নিজেই নিরাপত্তা নিয়ে অনেক সতর্ক থাকায় আজকের পরিস্থিতি ছিল ভিন্ন", বলেন তিনি।
তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ব্রোকারেজ হাউজ কর্মকর্তারা জানান, এই বাজার এ ধরনের প্রভাব থেকে মুক্ত। তবে এবার তেমন ঘটেনি।
ব্রোকারেজ ফার্ম স্টকস্ অ্যান্ড বন্ডস্ এর বশির আহমেদ বলেন, "গত কয়েকদিন নিরাপত্তা ব্যবস্থা কঠোর করায় বাজারের পরিবেশ ঘোলাটে ছিল। পুরো বিষয় নিয়েই আমরা টানাপোড়েনের মধ্যে ছিলাম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এজে/এইচএ/২৩০০ ঘ.
bdnews24