২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খরচ বাড়ছেই

বেশ কয়েক বছর ধরে দেশে ৬ শতাংশের ওপরে বা কাছাকাছি জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের একজন সিনিয়র গবেষক বলছেন, কিন্তু এর সুফল দেশের সাধারণ মানুষ পায়নি। বিস্তারিত আব্দুর রহিম হারমাছির কলমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 05:00 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গত তিন বছর ধরেই উর্ধ্বমুখী মূল্যস্ফীতির চাপে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। প্রবৃদ্ধির সুফল সুষম না হওয়ায় বাড়েনি ক্রয়ক্ষমতা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য আনুযায়ী, খাদ্য খাতের সঙ্গে পাল্লা দিয়ে খাদ্য বহির্ভূত খাতেও মানুষের ব্যয় বাড়ছে। ২০০৬ সালের জুলাই মাসে ১৭৬ টাকা ৪৩ পয়সায় যে খাদ্য পাওয়া যেতো সেই একই খাদ্য কিনতে ২০০৯ সালের একই সময়ে ব্যয় করতে হয়েছে ২৩১ টাকা ৪২ পয়সা। এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মতামত জানতে চাওয়া হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "কর্মসংস্থান বাড়ানোর মাধ্যমে মানুষকে স্বস্তি দেওয়া সম্ভব। কর্মসংস্থান বাড়ানোর মাধ্যমে মানুষের হাতে টাকা পৌঁছে দিতে হবে। তাহলে তাদের ক্রয়ক্ষমতা বাড়বে।" এজন্য প্রতিটি পরিবারের একজন শিক্ষিত তরুণ-তরুণীকে চাকরি দেওয়ার লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস, ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি অব্যাহত রাখাসহ নানা ধরনের কর্মসূচি হাতে নেওয়া হবে বলে জানান তিনি। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, তিন বছরে বেড়েছে জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৪৪ দশমিক ৪৭ শতাংশ। পরিসংখ্যান বলছে, খাদ্য বহির্ভূত খাতের মধ্যে পরিবহন খাতে ব্যয় বেশি বেড়েছে। ২০০৬ সালের জুলাই মাসে ২০১ টাকা ১৫ পয়সায় যাতায়াত খাতে যে সেবা পাওয়া যেতো সেই একই সেবা পেতে ২০০৯ সালের একই মাসে গুণতে হয়েছে ২২৭ টাকা ৪৪ পয়সা। এরই মধ্যে সরকারি চাকরিজীবিদের জন্য সরকার নতুন পে স্কেল (নতুন বেতন কাঠামো) ঘোষণা করেছে। আর এ কারণেও জিনিসপত্রের দাম আরেক দফা বাড়ার আশঙ্কা করছেন অনেকে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র গবেষণা পরিচালক জায়েদ বখত মনে করেন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো না গেলে জীবনযাত্রার ব্যয় কমানো যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে দেশে ৬ শতাংশের ওপরে বা কাছাকাছি জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। কিন্তু এর সুফল দেশের সাধারণ মানুষ পায়নি। মুষ্টিমেয় ধনিক শ্রেণীর কিছু লোক এই প্রবৃদ্ধির সুফল পেয়েছে। এ কারণে দেশে গরীব মানুষের সংখ্যা বেড়েই চলেছে। "জিডিপি প্রবৃদ্ধির সুফল সবাই সমানভাবে পেলে মানুষের ক্রয়ক্ষমতা বাড়তো। দারিদ্র্য বিমোচনে ইতিবাচক ফল পাওয়া যেতো," বলেন জায়েদ বখত। পে-স্কেলের প্রতিক্রিয়ায় জিনিসপত্রের দাম বাড়বে মন্তব্য করে তিনি বলেন, এর ফলে লাখ লাখ শ্রমিক এবং বেসরকারি খাতের চাকরিজীবীদের খরচ বেড়ে যাবে। তাদের দুর্ভোগ আরও বাড়বে। এ বিষয়টি বিবেচনায় রেখে বেসরকারি খাতের শ্রমিক ও অন্যান্য চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানোর ব্যাপারেও সরকারকে জরুরি উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১০৪৭ ঘ.