২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যক্তি শ্রেণীর কর আদায় ৩৬ শতাংশ বেড়েছে

গতবারের চেয়ে এবার ১৫ শতাংশ বেশি আয়কর বিবরণী পেয়েছে এনবিআর, ব্যক্তি শ্রেণীর কর আদায় বেড়েছে ৩৬ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 08:44 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গতবারের চেয়ে এবার ১৫ শতাংশ বেশি আয়কর বিবরণী (রিটার্ন) পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর ব্যক্তি শ্রেণীর কর আদায় বেড়েছে ৩৬ শতাংশ। ২০০৯-১০ অর্থবছরে প্রায় ৭ লাখ ৫৮ হাজার ব্যক্তি আয়কর বিবরণী জমা দিয়েছেন। তাদের দেওয়া করের পরিমাণ ৮৫৯ কোটি ৯৩ লাখ টাকা। জাতীয় রাজস্ব ভবনে রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গত অর্থবছর মোট ৭ লাখ ৩৯ হাজার রিটার্ন জমা পড়েছিল। সম্মেলনে রাজস্ব বোর্ডের সদস্য আমিনুর রহমান বলেন, "২০০৯-১০ অর্থবছরে ৭ লাখ ৫৭ হাজার ৯৬৪ জন আয়কর রিটার্ন দাখিল করেছেন। গত বছরের তুলনায় এ হার ১৫ দশমিক ৫১ শতাংশ বেশি।" তাদের পরিশোধিত করের পরিমাণ ৮৫৯ কোটি ৯৩ লাখ টাকা জানিয়ে তিনি বলেন, করের অঙ্কও গতবারের চেয়ে ৩৬ দশমিক ২৮ শতাংশ বেড়েছে। দুদফা সময় বাড়ানোর পর বৃহস্পতিবার শেষ হয় ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর বিবরণী দাখিলের চূড়ান্ত সময়সীমা। এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে কর সনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) মোট সংখ্যা ২২ লাখের বেশি। "এর মধ্যে যারা নির্ধারিত সময়ে আয়কর না দেওয়ার যুক্তিযুক্ত কারণ দেখাতে না পারবে, তাদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে", বলেন আমিনুর। তিনি আরো জানান, চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত ৩ হাজার ৩৪২ কোটি টাকা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩ হাজার ৬৯০ দশমিক ৭১ কোটি টাকা মোট আয়কর আদায় হয়েছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ২৪ দশমিক ৩১ শতাংশ বেশি। আয়কর আদেশ অনুযায়ী, সেপ্টেম্বর মাস জুড়ে ব্যক্তি শ্রেণীর করদাতারা রিটার্ন জমা দিতে পারেন। তবে বরাবরের মতো এবারও প্রথমে ৩১ অক্টোবর এবং পরে ১২ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৪৩০ ঘ.