২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আমলাতন্ত্র ও ব্যাংকের অসহযোগিতা ব্যবসায় বড়ো বাধা'

আমলাতান্ত্রিক জটিলতা ও ব্যাংকগুলোর অসহযোগিতা দেশে ব্যবসা-বাণিজ্য বিকাশের ক্ষেত্রে প্রধান বাধা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 03:42 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমলাতান্ত্রিক জটিলতা ও ব্যাংকগুলোর অসহযোগিতা দেশে ব্যবসা-বাণিজ্য বিকাশের ক্ষেত্রে প্রধান বাধা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, "দেশে ব্যবসাবান্ধব অনুকূল পরিবেশ বিরাজ করলেও আমলাতন্ত্র ও ব্যাংকগুলোর মাধ্যমে আমরা তা ধ্বংস করি।" শনিবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলানায়তনে "বিশ্ব আর্থিক মন্দা: প্রেক্ষাপট বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংকগুলোর আচরণ পরিবর্তনের আহ্বান জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, "বর্তমান প্রেক্ষাপটে আমাদের ব্যাংকগুলোর আচরণ পরিবর্তন করা অত্যন্ত জরুরি। সরকারি ব্যাংকগুলোতে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি, তারা এ বিষয়ে কাজ করবেন।" সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) উদ্যোগ নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, "এ কথা ঠিক যে, পিপিপি'র আওতায় কয়েকটি প্রকল্পের কাজের টেন্ডার অহ্বানে দেরি হচ্ছে। অক্টোবরের মধ্যে এ সব প্রকল্পের টেন্ডার আহ্বান করার কথা ছিল। প্রকল্প বাস্তবায়নের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন, ডিসেম্বরে এ টেন্ডার আহ্বান করা হবে। দেশের রুগ্নশিল্পকে কোনোভাবে রক্ষা করা উচিত নয় বলে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, "আমি মনে করি না, রুগ্নশিল্পকে রক্ষা করা উচিত। মনে করি, ১৫ বছর ধরে যে শিল্প রুগ্ন তার মৃত্যু হওয়া উচিত।" বাংলাদেশের অর্থনীতি সব সময়ই একটু অস্থিতিশীল থাকে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এতে বর্হির্বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তবে এর প্রশমণ আমরা দুই-তিন মাসের মধ্যে দেখতে পাবো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামাজিক উন্নয়নবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আলাউদ্দিন আহমেদ জনশক্তি রপ্তানিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, "রেমিটেন্স প্রবাহ ধরে রাখতে যা যা করা দরকার, তা করতে হবে। পাশাপাশি প্রশিক্ষিত ও ভাষায় দক্ষ জনশক্তি তৈরি করতে হবে।" বাংলাদেশি দূতাবাসগুলোকে প্রবাসীদের সহায়তা করতে সরকারের বিশেষ নজর দেওয়া উচিত বলে মনে করেন তিনি। এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেন, বিশ্বমন্দায় বাংলাদেশ অন্যান্য দেশের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। তবে রপ্তানির পতন (এক্সপোর্ট ফল) ঘটায় শঙ্কিত হওয়ারও কারণ রয়েছে। অগ্রণী ব্যাংকের পরিচালক ও বার্তা সংস্থা আইএনবি'র চেয়ারম্যান জাকির আহাম্মদের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় অংশ নেন প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মির্জা আবদুল জলিল, সাংসদ গোলাম মাওলা রনি, সাংসদ শাহরিয়ার আলম প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফবিসিসিআই'র সাবেক সহ সভাপতি কামালউদ্দিন আহমদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএইচ/২১৩৯ ঘ.