ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশেষ প্রয়োজন ছাড়া যখন-তখন পুঁজিবাজারে হস্তক্ষেপ করা উচিত নয় বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
শেয়ার বাজারে আসার সম্ভাব্য সরকারি প্রতিষ্ঠানসহ অনেক সরকারি কর্মকর্তাও এ বাজার সম্পর্কে ভালো ধারনা নেই বলেও অভিযোগ করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক এই চেয়ারম্যান।
শনিবার সকালে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকনোমিক রিপোর্টাস ফোরাম (ইআরএফ) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত পঁুঁজিবাজার নিয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মির্জ্জা আজিজ বলেন, "পুঁজিবাজারে দৈনন্দিন হস্তক্ষেপের প্রয়োজন নেই। তবে এটাও ঠিক যে, আর্থিক বাজারে নানা রকম অনভিপ্রেত বা অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে। যদি কোনো সময় বাজার অস্বাভাবিক আচরণ করে তখন বিনিয়োগকারীদের স্বার্থে সরকার বা সংশ্লিস্ট সংস্থার (এসইসি) হস্তক্ষেপ করা উচিত।"
বর্তমান বাজার পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "পুঁজিবাজার এখন বেশ ভালো অবস্থায় রয়েছে। মূল্যসূচকের ঊর্ধ্বমুখি অবস্থা, লেনদেনের পরিমাণও বাড়ছে। গ্রামীণফোনের শেয়ার বাজারে আসছে। বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে।
"এসইসি'র সাবেক চেয়ারম্যান হিসেবে বাজারের এ অবস্থায় আমি অত্যন্ত আত্মতৃপ্তি অনুভব করি।"
সবমিলিয়ে আগামী দিনগুলোতে পুঁজিবাজার আরও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বর্তমান সরকারের পুঁজিবাজারের প্রতি যথেষ্ঠ স্বদিচ্ছা বা আগ্রহ আছে উল্লেখ করে তিনি জানান, অনেক সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভালো ধারণার অভাবেই এগুলোর শেয়ার বাজারে আসতে দেরি হচ্ছে।
মির্জ্জা আজিজ বলেন, "সরকারের উচিত পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের এই বাজার সম্পর্কে অভিজ্ঞ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।"
১৯৯৬ সালের মতো বাজারে বড় ধরনের ধ্বসের আশঙ্কা নাকজ কওে দিয়ে তিনি বলেন, "এখন আর তখনকার বাজারের মধ্যে বিস্তর তফাৎ। তখন কাগুজে শেয়ার লাইন ঘরে বিক্রি হতো। আর এখন সব কিছু হয় অনলাইনে। এখন কোনো ধরনের কারসাজির সুযোগ নেই।"
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএসই'র সভাপতি রকিবুর রহমান, অর্থনীতিবিদ আবু আহমেদ, ইআরএফ সভাপতি নাজমুল আহসান, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএইচ/১৫১৮ ঘ.
bdnews24