সিরাজগঞ্জ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আগামী অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা এ অর্থবছরের চেয়ে ২৫ শতাংশ বাড়ানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
দেশের অর্থনীতিতে কৃষি খাতের অবদান আরো বাড়াতে এ উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, "এবার কৃষি ঋণ নিয়ে সারা দেশে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রকৃত কৃষকরা ঋণ পাচ্ছে। সুধি সমাবেশ করে সবার সামনে ঋণ বিতরণ করা হচ্ছে।
শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদরের চন্ডিদাসগাতীর সৈয়দ আকবর আলী মেমোরিয়াল হাইস্কুল মাঠে বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের তাঁতী ও কৃষিঋণ প্রকল্পের আওতায় ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গভর্নর।
তিনি আরো বলেন, "সরকারি-বেসরকারি ব্যাংক বুঝি না। সবাইকে (সব ব্যাংককে) দেশের জনগণের স্বার্থে, কৃষকের স্বর্থে কাজ করতে হবে।"
এ ঋণ বিতরণ নিয়ে যাতে কোনো ধরনের দালালি, অনিয়ম, দুর্নীতি ও ঘুষের ঘটনা না ঘটে সে ব্যাপারে ব্যাংক কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "স্বচ্ছতার সঙ্গে ঋণ বিতরণ করুন। কৃষক বাড়ি বসে যেন ঋণ সুবিধা পায়। তাদের যেন ব্যাংকে এসে বসে থাকতে না হয়।"
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান সরকার।
এর আগে গভর্নর সিরাজগঞ্জ সদর উপজেলায় সয়দাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) আয়োজিত কৃষক সমাবেশ এবং বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ন্যাশনাল ব্যাংকের ঋণ গ্রহীতা তাঁতী সমাবেশেও বক্তব্য রাখেন।
সয়দাবাদের সমাবেশে তিনি বলেন, "শুধু কথায় দিন বদল হবে না, মানুষের হাতে অর্থ থাকতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষকদের ভূমিকা সবচেয়ে বেশি হলেও এসব কৃষক বিভিন্ন ক্ষেত্রে সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে দেশের বর্গাচাষীরা বেশি মাত্রায় অবহেলিত।
"তাই সরকার প্রথমবারের মত জামানত ছাড়াই বর্গাচাষী ও তাঁতীদের মধ্যে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ঋণ বিতরন কার্যক্রম শুরু করেছে।"
আতিউর রহমান দেশের কৃষককে জাতীয় বীর আখ্যায়িত করে বলেন, "কৃষক মাঠে মূল্যবান ফসল ফলিয়েছেন। তাদের সন্তানেরা কষ্টার্জিত রেমিটেন্স পাঠিয়েছে। এ কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আমরা এখন বিনিয়োগে মনোযোগ দিতে পারছি।"
দান-খয়রাত করে মানুষের ভাগ্যোন্নয়ন করা যায় না মন্তব্য করে তিনি বলেন, "আর্থিক সহায়তা দিয়ে দরিদ্রদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ শুরু করতে হবে। দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করলেই প্রকৃত সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।"
আতিউর রহমান বলেন, আগে দাদন ব্যবস্থায় প্রান্তিক কৃষক ও তাঁতীরা চড়া সুদে দাঁদনের টাকা নিয়ে তা শোধ করতে গিয়ে সর্বস্বান্ত হয়ে যেতেন। এখন দিন বদলে গেছে। ব্যাংকগুলোকেই এখন কৃষক ও তাঁতীদের কাছে এগিয়ে আসতে হবে।
সয়দাবাদের সমাবেশে সভাপতিত্ব করেন কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ব্যবস্থাপক আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি উন্নয়ন ব্যাংকের রাজশাহী বিভাগীয় ব্যবস্থাপনা পরিচালক ম. ফজলুল হক।
গর্ভনর তিনটি সমাবেশের প্রতিটিতে ১০০ জন বর্গাচাষী ও তাঁতীদের প্রত্যেককে আট থেকে ১৫ হাজার টাকা করে ঋণ বিতরণ করেন।
গত জুলাই মাসে চলতি অর্থবছরের জন্য সাড়ে ১১ হাজার কোটি টাকার কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঘোষণা করেন গভর্নর।
এটা ছিল আগের অর্থবছরের চেয়ে (২০০৮-০৯) প্রায় ২৪ শতাংশ বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এআরএইচ/এজে/এসএইচ/২২০৩ ঘ.
bdnews24