ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ষিক উন্নন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি বাড়াতে মাঠ পর্যায়ে তদারকি জোরদারে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্র জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
বৈঠক শেষে পরিকল্পনা সচিব হাবিব উল্ল্যাহ মজুমদার সাংবাদিকদের একথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, "চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ১০ শতাংশ এডিপি বাস্তবায়ন মোটামুটি সন্তোষজনক। তবে এতে আরও গতি আনতে হবে। অর্থবছর শেষে যাতে মোট বরাদ্দের ১০০ শতাংশই বাস্তবায়ন হয় সেজন্য এখন থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন করে কাজের অগ্রগতি ক্লোজ মনিটির করতে হবে।"
পরিকল্পনা সচিব বলেন, একনেক বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের এডিপি বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করে।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে এডিপি'র ১০ শতাংশ বাস্তবায়িত হয়েছে। তবে এ সময়ের মধ্যে এডিপি'র মোট বরাদ্দের ২৫ শতাংশ অর্থ ছাড় করা হয়। আর এডিপি বাবদ ব্যয় হয়েছে তিন হাজার ১২৫ কোটি টাকা। এটি এ বছরের মোট বরাদ্দ ৩০ হাজার ৫০০ কোটি টাকার ১০ শতাংশের সামান্য বেশি।
গত অর্থবছরের একই সময়ে এডিপি বাবদ ব্যয় হয়েছিল দুই হাজার ৩৮৮ কোটি টাকা, যা ওই অর্থবছরের মোট বরাদ্দের ৯ শতাংশ।
এই তিন মাসে গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৭৩৭ কোটি টাকা বেশি খরচ হয়েছে।
২০০৭-০৮ অর্থবছরে প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়নের হার ছিল ৭ শতাংশ।
পরিকল্পনা সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, অর্থবছরের শুরুতে (তিন মাসে) ১০ শতাংশ এডিপি বাস্তবায় মোটামুটি ভালো। তবে এতে পুরোপুরি সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই।
এবারের এডিপিতে মোট প্রকল্প ৮৮৬টি। এরমধ্যে বিনিয়োগ প্রকল্প ৬৬৪টি, কারিগরি সহায়তা প্রকল্প ১৬৩টি এবং জাপানি ঋণ মওকুফ সহায়তাপ্রাপ্ত প্রকল্প ৫৯টি।
প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে প্রথম প্রান্তিকে এডিপিভুক্ত ৪৮টি মন্ত্রণালয়/বিভাগের মধ্যে ১৯টি মন্ত্রণালয়/বিভাগের বাস্তবায়নের সার্বিক গড় অগ্রগতি ১০ শতাংশের উপরে। ২৯টি মন্ত্রণালয়/বিভাগের বাস্তবায়নের হার ১০ শতাংশের কম। আর ৩টি মন্ত্রণালয়/বিভাগ এ সময়ে কোনো অর্থই ব্যয় করতে পারেনি।
একটি প্রকল্প অনুমোদন
মঙ্গলবারের একনেক বৈঠকে ১টি প্রকল্প অনুমোদন পেয়েছে।
অনুমোদিত প্রকল্পটি হচ্ছে- সড়ক ও রেলপথ বিভাগের 'মাদারীপুর-আগৈলঝড়া সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প।
এ প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি টাকা। সম্পূর্ণ সরকারি অর্থে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২১২৫ ঘ.
bdnews24