ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বেতন কাঠামোয় ঈদের আগেই নভেম্বরের বেতন পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বুধবার মন্ত্রিসভায় উপস্থাপন করা হচ্ছে- এ তথ্য জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "আশা করি, মন্ত্রিসভায় তা পাস হবে। তা হলে নভেম্বরের বেতন নতুন স্কেলে হবে।"
নভেম্বরের শেষে ঈদুল আজহা। সাধারণত মাসের শেষে ঈদ থাকলে ওই মাসের বেতন আগে হয়।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়ে (২০০৮ সালের সেপ্টেম্বর মাসে) সাবেক সচিব মোস্তাফিজুর রহমানকে প্রধান করে পে-কমিশন গঠন করা হয়।
কমিশন এপ্রিল মাসের শেষের দিকে অর্থমন্ত্রীর কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। কমিশনের প্রতিবেদনে সর্বোচ্চ বেতন ৪৫ হাজার টাকা ও সর্বনিম্ন বেতন ৪ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়।
এরপর সচিব কমিটি ওই প্রতিবেদন পর্যালোচনা করে সর্বোচ্চ বেতন ৩৯ হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন ৪ হাজার ১৫০ টাকা করার প্রস্তাব করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এমআই/জিএনএ/১৫০১ ঘ.
bdnews24