২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্পে প্রণোদনা দিতে কঠোর অবস্থানে সরকার

তৈরি পোশাক শিল্পখাতকে প্রণোদনা-সহায়তা দেওয়ার ব্যাপারে আবারও কঠোর অবস্থান নিয়েছে সরকার। তবে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠেয় এক বৈঠকেই বিষয়টির ফয়সালা হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 11:53 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান মন্দার ক্ষতি পুষিয়ে দিতে তৈরি পোশাক শিল্পখাতকে প্রণোদনা-সহায়তা দেওয়ার ব্যাপারে আবারও কঠোর অবস্থান নিয়েছে সরকার। সব কিছু হিসাব-নিকাশ করে মন্দায় প্রকৃত ক্ষতিগ্রস্তখাতগুলোকেই এ প্যাকেজের আওতায় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগেও গত ঈদুল ফিতরের আগে পোশাক শিল্প মালিকরা প্রণোদনা চাইলে সরকার কঠোর অবস্থান নেয়। শুক্রবার বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াও পোশাক শিল্পকে প্রণোদনা সহায়তা দিতে সরকারের প্রতি আহবান জানান। মন্দার ক্ষতি পুষিয়ে দিতে তৈরি পোশাক শিল্পখাতকে সহায়তা দেওয়া হবে কিনা-এ প্রশ্নের উত্তরে সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী তৈরি পোশাক শিল্পখাতের নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটা বাচ্চা কাঁদলেই দেশ শেষ হয়ে যাবে, এটা ঠিক না। সরকারকে সব খাত নিয়ে বিবেচনা করতে হয়।" বিশ্বমন্দার প্রভাব মোকাবেলায় সরকার গঠিত টাস্কফোর্সের সুপারিশে গত এপ্রিলে ৩৪২৪ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। তবে গার্মেন্টস ও বস্ত্রখাতকে এর বাইরে রাখা হয়। এ নিয়ে দু'খাতের মালিকদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়। মন্দা মোকাবেলায় চলতি অর্থ বছরের বাজেটে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা। গত ঈদুল ফিতরের আগে ব্যবসা খারাপ হওয়ার অজুহাত দেখিয়ে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য সেখান থেকেই তিন হাজার কোটি টাকা দাবি করে বিজিএমইএ। তবে সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামানকে প্রধান করে সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিদের নিয়ে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় অর্থ মন্ত্রণালয়ে এ কমিটির বৈঠক হবে। অর্থমন্ত্রী জানান, তাদের সুপারিশের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে তৈরি পোশাক শিল্পখাতকে সহায়তা দেওয়া হবে কিনা বা দিলেও কি ধরনের সহায়তা দেওয়া হবে। চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে (জুলাই-আগস্ট) তৈরি পোশাক শিল্প খাতের রপ্তানি বেশ কমেছে জানিয়ে বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী রোববার এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে প্রণোদনা প্যাকেজের আওতায় সহায়তা চান। এ বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "এটা কোনো বিষয় নয়। কোনো খাতে কখনও রপ্তানি কমবে, আবার কখনও বাড়বে-এটাই স্বাভাবিক। একটা খাতের রপ্তানি কিছুটা কমলে সব কিছু শেষ হয়ে যাবে-এটা ভাবা মোটেই উচিত নয়।" মঙ্গলবারের বৈঠক প্রসঙ্গে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ সভাপতি ফজলুল হক সোমবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার স্বীকারই করছে না যে, মন্দার কারণে তৈরি পোশাক শিল্পখাত ক্ষতিগ্রস্থ হয়েছে। এ কারণে আমরা হতাশ।" রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য তুলে ধরে বিকেএমইএ প্রধান জানান, সেপ্টেম্বর মাসে নিট খাতের রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ কমেছে। আর অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কমেছে ৯ শতাংশ। তিনি বলেন, "এতেই প্রমাণিত হয়, বিশ্বমন্দার প্রভাব আমাদের অর্থনীতির ওপর বেশ ভালোভাবেই পড়েছে। আর এ ক্ষতি পুষিয়ে নিতেই আমরা সরকারের কাছে প্রণোদনা সহায়তা চাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএইচ/১৭৩৪ ঘ.