২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একশ' মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় ব্রিটিশ-বাংলা চেম্বার

পর্যাপ্ত সরকারি সহযোগিতা পেলে একশ' মিলিয়ন ডলারের (প্রায় সাতশ' কোটি টাকা) বেশি বিনিয়োগ করবে বলে জানিয়েছে ঢাকা সফররত ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিবিসিসি) এর প্রতিনিধি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 04:31 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যাপ্ত সরকারি সহযোগিতা পেলে একশ' মিলিয়ন ডলারের (প্রায় সাতশ' কোটি টাকা) বেশি বিনিয়োগ করবে বলে জানিয়েছে ঢাকা সফররত ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিবিসিসি) এর প্রতিনিধি দল। বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ ও ব্যবসার বিপুল সম্ভাবনা রয়েছে জানিয়ে দলটি বলেছে, শুধু টাকার হিসাবে নয়, এই উদ্যোগ দু'দেশের ব্যবসায়ীদের মধ্যে একটি সম্পর্ক তৈরি করছে। এটা দু'দেশের ব্যবসা-বাণিজ্যে সহায়ক হবে। ফলে ভবিষ্যতে আরো বেশি বিনিয়োগের ক্ষেত্র তৈরি হবে। রোববার ইউকে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট (ইউকেটিআই) ও বিবিসিসি রাজধানীর একটি হোটেলে যৌথভাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বিবিসিসি সভাপতি শাহাগীর বখত ফারুক বলেন, "ডেলিগেশনে আসা বেশিরভাগই বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক। তাই সকলেরই দেশের প্রতি একটা টান রয়েছে। এ কারণে আমরা চেষ্টা করে দেখছি, কিভাবে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বানিজ্য আরো বাড়ানো যায়। এর ফলে বাংলাদেশি নাগরিকরা ব্রিটিশ সেবা, প্রযুক্তি, চিকিৎসা ও শিক্ষার মতো অনেক বিষয় ভোগ করতে পারবে। পাশাপাশি নতুন নতুন পণ্যও রপ্তানির সুযোগ সৃষ্টি হবে।" বাংলাদেশে ব্রিটিশ ব্যবসায়ীদের বিনিয়োগের পরিবেশ ও ব্রিটেনের বাজারের উপযোগী পণ্যের অনুসন্ধানে ১৫ সদস্যের এ প্রতিনিধি দলটি বর্তমানে বাংলাদেশ সফর করছে। তারা ৭ অক্টোবর ঢাকা আসে। চারদিনের সফরে তারা সরকারি কর্মকর্তা ও শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করবেন। ইউকে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট (ইউকেটিআই) পরিচালক কেভিন রিংহ্যাম বলেন, "এই সফরের মাধ্যমে পারস্পরিক সম্পর্কের সূচনা হবে। এটা ভবিষ্যত বিনিয়োগ ও ব্যবসার জন্যে সহায়ক হবে।" সংবাদ সম্মেলনে জানানো হয়, শিপিং, ফিশ অ্যান্ড চিপস, হসপিটালিটি, ফ্যাশন, চিকিৎসাসেবা, কনসালটেন্সি, শিক্ষা, গৃহায়ন ইত্যাদি খাতে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ীদের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এতে আরো বক্তব্য রাখেন জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ম্যারিটিমুুউস চেয়ারম্যান এ এম রফিকুল ইসলাম, স্বাস্থ্য ও শিক্ষা সেবাপ্রতিষ্ঠান এওসি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান খুরশীদ আলম, আর্থিক প্রতিষ্ঠান সিটিলিংকের এমডি মোহাম্মদ সানু মিয়া, ক্যাটারিং প্রতিষ্ঠান স্পাইস অন দি গ্রিন এর কর্মকর্তা রঞ্জনা চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএইচ/২২৩০ ঘ.