২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারের বাটেক্সপোতে স্পট অর্ডার কমেছে: বিজেএমইএ

তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলেছে, গতবছরের তুলনায় এবারের বাটেক্সপোতে স্পট অর্ডার কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 03:13 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলেছে, গতবছরের তুলনায় এবারের বাটেক্সপোতে স্পট অর্ডার কমেছে। অর্ডার কমার কারণ হিসেবে সংগঠনটি ক্রেতাদের উদ্ধৃত করে বাংলাদেশী পণ্যের দামের কথা উল্লেখ করেছে। বাটেক্সপো নামে বেশি পরিচিত বিজিএমইএ-র বার্ষিক আয়োজন বাংলাদেশ অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন শনিবার শেষ হয়। রোববার বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে এবারের মেলা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন সংগঠনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। তিনি বলেন, "গতবছর মেলায় মোট স্পট অর্ডারের পরিমাণ ছিল ৫৫ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার। এবারের মেলায় অর্ডারের পরিমাণ ৪১ দশমিক ৬৪ মিলিয়ন ডলার।" বিজিএমইএ সভাপতি বলেন, এ বছর গতবারের চেয়ে ক্রেতার সংখ্যা বেশি হলেও ক্রেতা প্রতিনিধির সংখ্যা কম ছিল। বাটেক্সপো শুরুর আগে আশাবাদী বিজিএমইএ বলেছিল বৈশ্বিক মন্দা কাটতে শুরু করায় আবার আন্তর্জাতিক অর্ডার পেতে শুরু করেছে তারা। মুর্শেদী রোববারের সংবাদ সম্মেলনে বলেন, "ক্রেতারা আমাদের বার বার দাম কমাতে বলছে। তারা আরো বলছে, 'অন্য দেশে তোমাদের থেকে কম দামে পাওয়া যাচ্ছে'।" তিনি বলেন, ক্রেতারা এদেশের পোশাকের ব্যাপারে যথেষ্ট আগ্রহী হলেও বাংলাদেশী উৎপাদনকারীরা প্রতিযোগী হতে পারছেন না। এজন্য অবকাঠামো ও ব্যাংক চার্জসহ বিভিন্ন কারণে তাদের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে বলে দাবি করেন বিজেএমইএ সভাপতি। পরিসংখ্যান দিয়ে মুর্শেদী বলেন, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে ৯ দশমিক ৭১ শতাংশ। আর গত সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে কমেছে ২৬ দশমিক ৯৩ শতাংশ। সরকার চলতি অর্থবছরে এক হাজার ৭৬০ কোটি ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে যা গত বছরের চেয়ে ১৩ শতাংশ বেশি। এর ৭৯ দশমিক ৪৬ শতাংশই তৈরি পোশাক খাত থেকে আসবে বলে ধরা হয়েছে। অক্টোবরেও রপ্তানি কমার আশঙ্কা করে মুর্শেদী বলেন, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সরকার তাদের শিল্প কারখানার জন্য বিভিন্ন প্যাকেজ ও পদক্ষেপ বাস্তবায়ন করায় তাদের প্রতিযোগিতার ক্ষমতা বেড়ে গেছে এবং তারা আন্তর্জাতিক বাজার দখল করে নিচ্ছে। সরকারের কাছ থেকে নীতি সহায়তা পেলে এ 'আপতকালীন সঙ্কট' কাটিয়ে ওঠা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশেও মন্দার কারণে ক্ষতির আশঙ্কায় থাকা বিভিন্ন রপ্তানি খাতের জন্য সরকার আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে। তবে কয়েকটি খাত কিছু সহায়তা পেলেও তৈরি পোশাক খাতের জন্য সুনির্দিষ্ট কিছু ঘোষণা করা হয়নি। তবে তাদের বিষয়টি প্রক্রিয়াধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/২১০২ঘ.