২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০৫ থেকে ১৫৫ টাকায় নেমে এলো সাইফ পাওয়ার টেক

চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) এর সমন্বিত কন্টেইনার পরিচালনার কাজ পেতে ব্যাপক দরপতন ঘটিয়েছে মেসার্স সাইফ পাওয়ার টেক লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 03:44 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) এর সমন্বিত কন্টেইনার পরিচালনার কাজ পেতে ব্যাপক দরপতন ঘটিয়েছে মেসার্স সাইফ পাওয়ার টেক লিমিটেড। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে একই কাজে কন্টেইনারপ্রতি ১২০০ টাকা বিল পায় তারা। সমঝোতার ভিত্তিতে ৫০৫ টাকা দরে কাজ করতে থাকা আলোচিত এ প্রতিষ্ঠান এবার কাজ পেতে দর দিয়েছে ১৫৫ টাকা। দুই দফা সময় পেছানোর পর বন্দরের সিসিটির সমন্বিত কন্টেইনার পরিচালনার জন্য নতুন করে ডাকা দরপত্র গ্রহণ প্রক্রিয়া বৃহস্পতিবার সম্পন্ন হয়। মেসার্স সাইফ পাওয়ার টেক লিমিটেড প্রতিটি কন্টেইনার সমন্বিত হ্যান্ডলিংয়ের (জাহাজ থেকে ওঠানো-নামানো, সংরক্ষণ ও সরবরাহ) জন্য ১৫৫ টাকা দর দিয়ে সর্বনিম্ন দরদাতা হয়েছে। তত্ত্ববধায়ক সরকার আসার পর এ কাজের জন্য দুই বার দরপত্র গ্রহণ করা হয়। পরে দুই বারই নানা অনিয়মের অভিযোগে গৃহীত দরপত্র বাতিল করা হয়েছিল। এর মধ্যে একবার বর্তমান সরকারের আমলে সংসদীয় কমিটির সুপারিশে বাতিল করা হয়। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্দর ভবনে চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মুহিবুল হকের কার্যালয়ে রাখা বাক্সে দরপত্র জমা নেওয়া হয়। বেলা ৩টায় অংশগ্রহণকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে দরপত্র খোলা হয়। সাতটি ঠিকাদারি প্রতিষ্ঠান এবারের দরপত্র প্রক্রিয়ায় অংশ নিয়েছে বলে জানান বন্দর চেয়ারম্যান কমোডর রিয়াজ ইউ আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, " নির্বিঘ্ন পরিবেশেই দরপত্র গ্রহণ সম্পন্ন হয়েছে। সাতটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। তাদের কাগজপত্র বন্দরের পরিচালক (অর্থ) মোশাররফ হোসেনের নেতৃত্বে গঠিত সাত সদস্যের দরপত্র মূল্যায়ন কমিটির কাছে জমা দেওয়া হবে। আগামী ২১ দিনের মধ্যে কমিটি তা যাচাই-বাছাই শেষে বন্দর কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেবে।" ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে সিসিটি'র ঠিকাদার নিয়োগে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বন্দর চেয়ারম্যান। দরপত্রে অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- এমএইচ চৌধুরী লিমিটেড, ফজলে অ্যান্ড সন্স, নওয়াব অ্যান্ড কোম্পানি, গ্যাটকো, এন অ্যান্ড জে ট্রেডার্স ও এভারেস্ট এন্টারপ্রাইজ। বন্দর কর্তৃপক্ষ ও দরপত্রে অংশ নেওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাইফ পাওয়ার টেক লিমিটেড তিন বছরে নয় লাখ টিইইউ'স সমন্বিত কন্টেইনার হ্যান্ডলিং কাজের জন্য ১৩ কোটি ৯৫ লাখ টাকা দর দিয়েছে, যা সাতটি প্রতিষ্ঠানের দরের মধ্যে সর্বনিম্ন । সে হিসেবে সিসিটিতে প্রতিটি কন্টেইনার সমন্বিত হ্যান্ডলিংয়ের জন্য দর পড়বে ১৫৫ টাকা মাত্র। বন্দর কর্মকর্তারা জানান, গ্যাটকো প্রতি কন্টেইনার ২৩৮ টাকা ৬৪ পয়সা দরে তিন বছরের জন্য ২১ কোটি ৪৭ লাখ ৮০ হাজার টাকা, এ অ্যান্ড জে ট্রেডার্স ২৫৫ টাকা দরে ২২ কোটি ৯৫ লাখ, এভারেস্ট এন্টারপ্রাইজ ৩৮৬ টাকা দরে ৩৪ কোটি ৭৪ লাখ, ফজলে অ্যান্ড সন্স ৩৮৮ টাকা ৮৩ পয়সা দরে ৩৪ কোটি ৯৯ লাখ ৫০ হাজার, এম এইচ চৌধুরী লিমিটেড ৪০৩ টাকা দরে ৩৬ কোটি ২৭ লাখ এবং নওয়াব অ্যান্ড কোম্পানি ৭৩৩ টাকা দরে ৬৬ কোটি টাকা দর দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এজে/এসএইচ/২১৪১ ঘ.