২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য-বিনিয়োগে প্রবৃদ্ধির আভাস

বছরের শেষ দিকে এসে বাণিজ্য ও বিনিয়োগে স্থবিরতা কাটতে শুরু করবে বলে আভাস দেওয়া হয়েছে একটি জরিপের ফলাফলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 02:35 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বছরের শেষ দিকে এসে বাণিজ্য ও বিনিয়োগে স্থবিরতা কাটতে শুরু করবে বলে আভাস দেওয়া হয়েছে একটি জরিপের ফলাফলে। বাংলাদেশ বিনিয়োগ পরিবেশ ফান্ড (বিআইসিএফ) এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ যৌথভাবে পরিচালিত এই জরিপে বলা হয়েছে, বছরের প্রথম দুই প্রান্তিকের মতো তৃতীয় প্রান্তিকেও ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে স্থবিরতা ছিল। তবে চতুর্থ প্রান্তিকে এক তৃতীয়াংশ প্রবৃদ্ধি ঘটবে বলে ব্যবসায়ীরা মনে করছেন। বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) মিলনায়তনে 'বিআইসিএফ বাণিজ্য জরিপ মূল বিষয়বস্তু ২০০৯: ব্যবসায়ীদের মতামতের প্রতিফলন' শীর্ষক জরিপের তথ্য প্রকাশ প্রকাশ করা হয়। বাংলাদেশ বিনিয়োগ পরিবেশ ফান্ড (বিআইসিএফ) এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স- বাংলাদেশ যৌথভাবে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের তৃতীয় প্রান্তিকে দেশের বিভিন্ন অংশের ৭৭৮টি প্রতিষ্ঠানের ওপর এ জরিপ পরিচালনা করে। বিআইসিএফ এর ইনভেস্টমেন্ট পলিসি কর্মকর্তা আমিনুর রহমান জরিপের তথ্য উপস্থাপন করেন। ব্যবসায়ীদের আস্থাহীনতাও অনেকটা কাটছে বলে জরিপে জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ব্যবসা-বাণিজ্যের স্থবিরতা কাটতে শুরু করেছে। দশ মাস আগে যে অবস্থা ছিল, বছরের শেষ প্রান্তে তার উন্নতি ঘটবে। জরিপের প্রাপ্ত তথ্য সরকারের নীতিনির্ধারণে ভূমিকা রাখবে বলেও জানান তিনি। অর্থনীতির শিক্ষক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, নানা কারণে বিনিয়োগসহ অর্থনীতির অন্যান্য খাতে বর্তমানে স্থবিরতা রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লেও বিনিয়োগ হচ্ছে না। বছরের শেষ প্রান্তিকে আস্থাহীনতা কাটবে বলে ব্যবসায়ীদের প্রকাশিত মনোভাবকে ভাল লক্ষণ বলে মনে করেন তিনি। বিআইসিএফ-আইএফসি অ্যাডভাইজরি সার্ভিসের দক্ষিণ এশিয়ার প্রধান জেমস ক্রিটেল বলেন, এ জরিপ সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রে সহায়তা করবে। ব্যবসার ক্ষেত্রে সংস্কার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পরিবেশের উন্নয়ন বিনিয়োগের ক্ষেত্রে আস্থা বাড়াবে। এসএমই ফাউন্ডেশনের সভাপতি আফতাব উল ইসলাম রেগুলেটরি রিফর্মস কমিশন( আরআরসি) বন্ধ করার ঘোষণার বিরোধিতা করে বলেন, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সংস্কার এখন সময়ের দাবি। জরিপের সঙ্গে দ্বিমত প্রকাশ করে তিনি বলেন, যেভাবে প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে, সেভাবে ঘটবে না- কেননা সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটেনি। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আইসিসি সভাপতি মাহবুবুর রহমান। আরও বক্তব্য দেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মোস্তফা কে মুজেরি, নিউএজ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান এএসএম কাশেম, আইসিসি বাংলাদেশ স্ট্যান্ডিং কমিটি অব ব্যাংকিং টেকনিকের চেয়ারম্যান মামুন রশীদ, আনোয়ার গ্র"পের হোসাইন খালেদী, বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জায়েদী সাত্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/জিএনএ/২০১৬ ঘ.