২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারামারি ঘটনায় বেনাপোলে আমদানি-রপ্তানি কাজ হয়নি

ভারতীয় ট্রাক শ্রমিকদের সঙ্গে মারামারির ঘটনায় বেনাপোল বন্দর দিয়ে সোমবার বিকেল পর্যন্ত আমদানি-রপ্তানি কাজ বন্ধ ছিল। কাল থেকে যথারীতি কাজ হবে বলে জানিয়েছেন বন্দরের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 01:51 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

যশোর/বেনাপোল, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় ট্রাক শ্রমিকদের সঙ্গে মারামারির ঘটনায় বেনাপোল বন্দর দিয়ে সোমবার বিকেল পর্যন্ত আমদানি-রপ্তানি কাজ বন্ধ ছিল। কাল থেকে যথারীতি কাজ হবে বলে জানিয়েছেন বন্দরের কর্মকর্তারা। রোববার ভারতের পেট্রাপোল বন্দর থেকে আসা ট্রাক শ্রমিকদের সঙ্গে বেনাপোল বন্দরের ট্রাক শ্রমিকদের মারামারি হয়। এ ঘটনা জেরে সোমবার সকালে ভারতীয় ট্রাক শ্রমিকদের বাধার মুখে পণ্যবাহী ট্রাক চলাচল না করায় আমদানি-রপ্তানি কাজ বন্ধ হয়ে যায়। এই কারণে বেনাপোলে প্রায় দুশ' এবং ভারতীয় এলাকায় অন্তত এক হাজারের মতো পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। বিকেল সাড়ে ৪টায় দু'ই বন্দরের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। মঙ্গলবার সকাল থেকে যথারীতি ট্রাক চলাচল করবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশন কর্মকর্তারা। বেনাপোল কাস্টমসের কার্গো বিভাগের সুপারিনটেনডেন্ট আব্দুল হামিদ জানান, রোববার সন্ধ্যায় বেনাপোল বন্দরের ২২ নম্বর গুদামের সামনে দ্রুত ট্রাক চালানোর ঘটনাকে কেন্দ্র করে দুদেশের ট্রাক শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। সকালে বেনাপোল থেকে কয়েকটি ট্রাক ওপারে গেলেও পরে তা বন্ধ করে দেয় ভারতের ট্রাক শ্রমিকরা। ফলে সারাদিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকে বলে তিনি জানান। বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ জানান, সোমবার সন্ধ্যায় বাংলাদেশের শ্রমিকরা ভারতের কয়েকজন ট্রাক শ্রমিককে মারধর করার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়। সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বেনাপোল থেকে একটি প্রতিনিধি দল পেট্রাপোল শুল্ক বিভাগের সহকারী কমিশনারের কার্যালয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ভারতের বন্দর কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনায় মঙ্গলবার থেকে যথারীতি ট্রাক চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন- বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি মফিজুর রহমান স্বজন এবং সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন শিমুল। ভারতের পক্ষে ছিলেন- পেট্রাপোল কস্টমসের সহকারী কমিশনার বীরেশ্বর পাল, সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি নিরূপম চক্রবর্তী ও সম্পাদক কার্তিক চক্রবর্তী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪৯ ঘ.