২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টসে ট্রেড ইউনিয়ন চালুর উদ্যোগ

গার্মেন্টস শ্রমিকরা দীর্ঘদিন ধরেই ট্রেড ইউনিয়ন চালুর দাবি জানিয়ে আসছিলো। তবে মালিকরা এর বিরোধীতা করছিলো। টঙ্গির নিপ্পন গার্মেন্টস-এ শনিবারের সংঘর্ষের পর সেই জট খুলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 11:38 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রম আইন অনুযায়ী গার্মেন্টস কারখানায় ট্রেড ইউনিয়ন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য সুপারিশ প্রণয়নে ১২ সদস্যের একটি কমিটি হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাংসদ ইসরাফিল আলমকে প্রধান করে এ কমিটিতে মালিক ও শ্রমিকপক্ষের পাঁচজন করে প্রতিনিধি থাকছেন। কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন শ্রম ও কর্মসংস্থান সচিব। টঙ্গির নিপ্পন গার্মেন্টস-এ শনিবারের সংঘর্ষের পর রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সরকার, মালিক ও শ্রমিকনেতাদের এক ত্রি-পক্ষীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গার্মেন্টস শ্রমিকরা দীর্ঘদিন ধরেই ট্রেড ইউনিয়ন চালুর দাবি জানিয়ে আসছিলো। তবে মালিকরা এর বিরোধীতা করছিলো। শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাংসদ ইসরাফিল আলম, শ্রম সচিব আতাহারুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্রসহ গার্মেন্টস শিল্প খাতের শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে খন্দকার মোশাররফ হোসেন জানান, কমিটির প্রতিবেদন পাওয়ার পরই প্রতিটি গার্মেন্টসে কমপক্ষে একটি করে হলেও ট্রেড ইউনিয়ন চালু করা হবে। দ্রুততর সময়ের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেবে। গার্মেন্টসে ট্রেড ইউনিয়ন করার পক্ষে অভিমত ব্যক্ত করে মন্ত্রী বলেন, "দেশে সাড়ে তিন হাজার গার্মেন্টস কারখানার মধ্যে বর্তমানে মাত্র একশ' ৭৫টিতে 'পার্টিসিপেটরি কমিটি' রয়েছে। কিন্তু এতেও যথাযথ প্রক্রিয়ায় শ্রমিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হচেছ না। তাই শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ট্রেড ইউনিয়ন করতে দেওয়া উচিত।" শনিবার টঙ্গির ঘটনাকে 'দুঃখজনক' বলে অভিহিত করে তিনি বলেন, "এ ঘটনার শক্ত তদন্ত হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।" নিপ্পন গার্মেন্টস কারখানার লে-অফ যথাযথ হয়নি- জানিয়ে মন্ত্রী বলেন, "বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে মালিক পক্ষের কোন গাফিলতি থাকলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে আগে ঘটনার সঙ্গে কোন তৃতীয় শক্তি জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হবে। সংঘর্ষের সময় লুঙ্গি ও হেলমেট পরা ব্যক্তিদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "এরা শ্রমিক নয়। কারণ শ্রমিকরা লুঙ্গি এবং হেলমেট পরে কারখানায় যায়না। এদের কারা নামিয়েছে, তাও তদন্তের মাধ্যমে বের করতে হবে।" ঘটনায় নিহতদের পরিবারকে গার্মেন্টস মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকেও পুনর্বাসন করা হবে বলে জানান খন্দকার মোশাররফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসএইচ/১৭২৭ ঘ.