ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়াবে না বাড়াবে না করে সময় শেষ হওয়ার সাড়ে তিন ঘন্টা আগে আবারও আয়কর বিবরণী জমা দেওয়ার সময় আরো ১২ দিন বাড়িয়েছে সরকার।
রোববার বিকেল সাড়ে চারটায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত ব্যক্তি শ্রেণীর করদাতারা রিটার্ন (আয়কর বিবরণী) জমা দিতে পারবে।
রোববার রাত ৮টা পর্যন্ত ছিল রিটার্ন জমা দেওয়ার শেষ সময়। এর আগে প্রথম দফা সময় বাড়ানোর পর এনবিআর চেয়ারম্যান জানিয়েছিলেন, এবার সময় আর বাড়ানো হবে না।
বিকেল পাঁচটায় এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ নিজের আগের অবস্থান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "এটা আমার সিদ্ধান্ত নয়। সরকার যে সিদ্ধান্ত দিয়েছে আমি তা বাস্তবায়ন করেছি মাত্র।"
এর আগে চারটার দিকে আয়কর বিবরণীর সময় বাড়ানো হয়েছে বলে কয়েকটি সংবাদ মাধ্যমের প্রচারিত খবরের বিষয়ে জানতে চাওয়া হলে এনবিআর প্রধান নাসিরউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন পর্যন্ত আয়কর বিবরণী জমা দেওয়ার মেয়াদ বাড়ানো সংক্রান্ত কোন সিদ্ধান্ত হয়নি। সরকার যদি মনে করে রিটার্ন দাখিলের সময় বাড়াবে-তা আমাদের (এনবিআর) জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।"
এনবিআর'র বিজ্ঞপ্তিতে বলা হয়, "বিভিন্ন মহল ও সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে আয়কর বিবরণী জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে।"
এতে বলা হয়, করদাতাদের সুবিধার জন্য ৭ নভেম্বর শনিবারও আয়কর অফিস খোলা থাকবে।
এর পর আর কোনভাবেই এ সময়সীমা বাড়বে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২৮ অক্টোবর এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানিয়েছিলেন, কোন অবস্থাতেই আর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হবে না।
এদিকে পূর্ব ঘোষিত সময়সীমা অনুযায়ী রিটার্ন জমা দেওয়ার শেষ দিন রোববার বিপুল সংখ্যক করদাতা রিটার্ন জমা দিতে কর অফিসগুলোতে ভিড় জমায়।
সকাল সাড়ে ১১ টার দিকে অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, দুপুর ১টা পর্যন্ত অপেক্ষা করেন; এর পর জানানো হবে সময় বাড়বে কিনা।
এর পরপরই এনবিআর চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ে গিয়ে দেখা করেন।
দুপুর দেড়টার দিকে অর্থমন্ত্রী আবার সাংবাদিকদের বলেন, "বিকেল পর্যন্ত দেখি-কি পরিমান রিটার্ন জমা পড়ে। এর পর সিদ্ধান্ত নেওয়া হবে সময় বাড়ানো হবে কিনা।"
"তবে ব্যাক্তিগতভাবে আমি মনে করি আর সময় বাড়ানো উচিত নয়।"-বলেন মুহিত।
আয়কর আদেশ অনুযায়ী, সেপ্টেম্বর মাস জুড়ে ব্যক্তি শ্রেণীর করদাতারা রিটার্ন জমা দিতে পারেন।
গত বছর মোট ৭ লাখ ৩৯ হাজার রিটার্ন জমা পড়েছিল।
এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে কর সনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) মোট সংখ্যা ২২ লাখের বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/এমআই/জিএনএ/
bdnews24