ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেয়ারম্যানহীন রেগুলেটরি রিফর্মস কমিশন (আরআরসি) আর রাখছে না সরকার। তবে বেটার বিজনেস ফোরাম (বিবিএফ) পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী রোববার সাংবাদিকদের বলেন, "চেয়ারম্যানই নেই, আরআরসি থাকে কী করে। আরআরসি আর থাকবে না। তবে বিবিএফ পুনর্গঠনের কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে।"
পুরনো আইন-কানুন, বিধি-বিধান সংস্কার বা যুগোপযোগী করতে ২০০৭ সালের ৩০ অক্টোবর বিগত তত্ত্বাবধায়ক সরকার আকবর আলি খানকে প্রধান করে ১৭ সদস্যের আরআরসি গঠন করে। বিবিএফ গঠন করা হয় ওই বছরের সেপ্টেম্বরে।
কিন্তু সরকারের কাছ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে গত ১৫ অক্টোবর পদত্যাগ করেন আকবর আলি।
বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) ভাইস প্রেসিডেন্ট র্যাচেল কাইট দুপুরে অর্থমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। এরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী।
বিবিএফ প্রসঙ্গে মুহিত বলেন, "বিবিএফ যে সব সুপারিশ করবে, তা পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হবে।"
টাস্কফোর্সের সুনির্দিষ্ট সুপারিশগুলোই সরকার বাস্তবায়ন করবে বলে তিনি জানান।
অর্থমন্ত্রী বলেন, আইএফসি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), যোগাযোগ ও জ্বালানি থাতে বিনিয়াগ করতে আগ্রহ দেখিয়েছে।
এছাড়া সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) উদ্যোগ বাস্তবায়ন এবং দেশের বিভিন্ন স্থানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে সহায়তায়ও আইএফসি আগ্রহ রয়েছে বলে মুহিত জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৩৩০ ঘ.
bdnews24