২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের ব্যাংক সেবা সহজ করার নির্দেশ

দেশের প্রতিবন্ধীদের আলাদাভাবে ব্যাংক সেবা দিতে সব ব্যাংকের শাখায় একজন কর্মকর্তাকে 'ফোকাল ব্যক্তি' নির্ধারণ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 06:21 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রতিবন্ধীদের আলাদাভাবে ব্যাংক সেবা দিতে সব ব্যাংকের শাখায় একজন কর্মকর্তাকে 'ফোকাল ব্যক্তি' নির্ধারণ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। এটি এ দিনই সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক আবু হেনা মোহা. য়াজী হাসান স্বাক্ষরিত 'বাংলাদেশে প্রতিবন্ধী জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা সহজতর করার লক্ষ্যে ফোকাল ব্যক্তি নির্ধারণ'- শীর্ষক সার্কুলারে বলা হয়, "প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে ব্যাংকিং সেবা সুবিধাজনক ও সহজতর করার লক্ষে আপনাদের ব্যাংকের প্রতিটি শাখায় একজন কর্মকর্তাকে ফোকাল ব্যক্তি নির্ধারণ করার অনুরোধ জানানো যাচ্ছে।" বুধবার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের অবহেলার দৃষ্টিতে না দেখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। প্রতিটি জেলায় প্রতিবন্ধী ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী সংসদকে আরও জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বর্তমানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৬৪ জেলা শহরে ৬৪টি সাধারণ স্কুলে সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম চলছে। আর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগীয় শহরে শারীরিক প্রতিবন্ধীদের চারটি প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র এবং এসব কেন্দ্রের আওতায় চারটি অন্ধ বিদ্যালয় ও চারটি মুক ও বধির বিদ্যালয় পরিচালিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএইচ/০০১৩ ঘ.