ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব ধরনের জ্বালানির দাম বাড়ানোর (সমন্বয়) পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
তবে গরিব মানুষের উপর যেন এর প্রভাব না পড়ে সেজন্য বিকল্প ব্যবস্থা করারও পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার বিকেলে সফররত আইএমএফ প্রতিনিধিদলের প্রধান মাসাতো মিয়াজাকি এক সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেন।
তিনি বলেন, "গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেশ খানিকটা বেড়েছে। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এখনও আন্তর্জাতিক দামের চেয়ে কম দামে তেল বিক্রি করছে। অন্যদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) উৎপাদন খরচের চেয়ে কম দামে বিদ্যুৎ বিক্রি করছে।
"বিপিসি ও পিডিবি'র লোকসান কমাতে তেল ও বিদ্যুতের দাম বাড়ানো (অ্যাডজাস্টমেন্ট) উচিত বলে আমরা (আইএমএফ) মনে করি।"
২০০৮ সালের অভিজ্ঞতা থেকেই এটা করা উচিত বলে তিনি অভিমত দেন।
লিখিত বক্তব্যে মাসাতো মিয়াজাকি অবশ্য গ্যাসের দামের ব্যাপারে কোনো মন্তব্য বা তথ্য উপস্থাপন করেননি।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৭৯ ডলার।
কিছু দিন আগেও এই তেলের দাম ৬০ থেকে ৬৫ ডলারে ওঠা-নামা করতো।
২০০৮ সালের ডিসেম্বরে তেলের দাম কমতে কমতে এক পর্যায়ে ৪০ ডলারেও নেমে আসে।
এর আগে এর দাম ১৪০ ডলার ছাড়িয়ে গিয়েছিল।
আইএমএফ প্রতিনিধিদলের প্রধান বলেন, বিশ্ব অর্থনীতির চলমান মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে। তবে মন্দা শেষ পর্যন্ত কতো দিন স্থায়ী হবে সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মন্দা মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও পরামর্শ দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এইচএ/২২১৯ ঘ.
bdnews24