২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি কমছে

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অর্থবছরের প্রথম ও দ্বিতীয়ার্ধে রপ্তানি খুব একটা ভালো হবে না বলে মনে হচ্ছে।" বিস্তারিত জানাচ্ছেন রিয়াজুল বাশার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 04:20 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চলতি অর্থবছরের প্রথম দু'মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় কমেছে। রপ্তানি কমেছে গত বছরের একই সময়ের তুলনায়ও। একজন বিশেষজ্ঞ রপ্তানি হ্রাসের এ প্রবণতা আরো কিছুদিন অব্যাহত থাকবে বলে মনে করছেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)'র হিসেবে এ বছরের প্রথম দু'মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি কমেছে ৬ দশমিক ৮৬ শতাংশ। এটি গত জুলাই-আগস্ট সময়ের তুলনায়য় ৩ দশমিক ২৯ শতাংশ কম। গত বারের চেয়ে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা এ বছর ১৩ শতাংশ বেশি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের বেশিরভাগ পণ্য রপ্তানি হয় মূলত ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে। কিন্তু তারা এখনো অর্থনৈতিক মন্দার প্রভাব থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। তাই অর্থবছরের প্রথম ও দ্বিতীয়ার্ধে রপ্তানি খুব একটা ভালো হবে না বলে মনে হচ্ছে।" রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. শাহাব উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত অর্থবছরের প্রথম মাস জুলাইতে প্রবৃদ্ধি হয়েছিল ৬০ শতাংশ এবং আগস্টে ৪২ শতাংশ। ওই সময় অতিরিক্ত প্রবৃদ্ধি হওয়ায় এবার নেতিবাচক মনে হচ্ছে। "একেক বছর একেক সময় প্রবৃদ্ধি হয়। এবারেও ভাল হবে এবং বছর শেষে আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো বলে আশা করছি," বলেন তিনি। গত অর্থবছরে সার্বিক লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি ৪ দশমিক ৫০ শতাংশ কম হয় বলে ইপিবি'র হিসাব থেকে জানা গেছে। ব্যুরোর তথ্য মতে, এবার দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতের প্রায় সব উপখাত ওভেন, নিট, টেক্সটাইল ফেব্রিক্স ও হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি কমেছে। রপ্তানি কমেছে হিমায়িত খাদ্য, চা, চামড়া ও সিরামিক পণ্যের। গত অর্থবছরে প্রবৃদ্ধি করা রাসায়নিক পণ্য, বাইসাইকেল, কম্পিউটার সার্ভিসেস ও হস্তশিল্পের রপ্তানিও কমেছে। তবে ইলেকট্রনিক্স, পাটজাত পণ্য ও কৃৃষি পণ্য, বিশেষ করে কৃষি প্রক্রিয়াজাত খাদ্য, সবজি, তামাকসহ বেশ কয়েকটি পণ্যের রপ্তানি বেড়েছে। জুলাই-আগস্টে নিটওয়্যার রপ্তানি হয়েছে ১২০৪ দশমিক ৩১ মিলিয়ন মার্কিন ডলারের। এটা লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৬৬ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৪৮ শতাংশ কম। একই সময়ে ওভেন রপ্তানি হয়েছে ১০১১ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলারের। এটা লক্ষ্যমাত্রার চেয়ে ১১ দশমিক ৬৮ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক শূন্য ৬ শতাংশ কম। দেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অন্যান্য বছরগুলোতে জুলাই-আগস্টে রপ্তানি বেশি থাকে। কিন্তু এবার কম। এটাকে এখনই অ্যালার্মিং বলা না গেলেও এ ব্যাপারে সজাগ থাকতে হবে।" তিনি বলেন, "সার্বিকভাবে রপ্তানি ও আমদানি দুটোই কমেছে। কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে। অথচ ব্যাংকে রিজার্ভ বেড়েছে।" ওষুধ ও সারসহ রাসায়নিক পণ্যের রপ্তানি প্রথম দুমাসে লক্ষ্যমাত্রার চেয়ে কমেছে ১৬ দশমিক ৯২ শতাংশ এবং গতবছরের একই সময়ের তুলনায় কমেছে ৩৭ দশমিক ১৫ শতাংশ। গত অর্থবছরে ৩১ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি করা বাইসাইকেল রপ্তানিও কমেছে। প্রথম দুমাসে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ দশমিক ৭৭ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৯১ শতাংশ রপ্তানি কমেছে। হিমায়িত খাদ্য রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ১২ দশমিক ৮৪ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৯৫ শতাংশ কম হয়েছে। চা রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ৮০ দশমিক শূন্য ৯ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৮২ দশমিক ৮৮ শতাংশ কম হয়েছে। চামড়া রপ্তানি কম হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ২৪ দশমিক ২৬ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৩৩ শতাংশ কম। তবে চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে ইলেকট্রনিক্স পণ্যে। প্রথম দুমাসে লক্ষ্যমাত্রার চেয়ে ১১৯ দশমিক ২৩ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৮৩ দশমিক ৮৭ শতাংশ বেশি রপ্তানি হয়েছে। জায়েদ বখ্ত বলেন, "রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়লে যাতে দেশের অর্থনীতি ধাক্কা না খায়, এজন্য 'এক্সটারনাল অর্থনীতি'র ওপর নির্ভরশীল না থেকে 'ডোমেস্টিক ইকনোমি' (অভ্যন্তরীণ অর্থনীতি) শক্তিশালী করার দরকার ছিল। কিন্তু বেসরকারি বিনিয়োগ বাড়িয়ে অভ্যন্তরীণ অর্থনীতিকে আমরা চাঙ্গা করতে পারিনি।" তিনি আরও বলেন, "মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৮ শতাংশ আসে রপ্তানি আয় থেকে। এ অবস্থায় রপ্তানি কমলে তা সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএনএস/এসএইচ/১০১৩ ঘ.