চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর উদ্যোগে নগরীতে আগামী মঙ্গলবার দুদিনব্যাপী পুঁজিবাজার মেলা শুরু হচ্ছে।
বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ মেলার আয়োজন করা হয়েছে।
এতে ব্যাংক ও ব্রোকারেজ হাউসসহ ৩০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে রোববার সিএসই-তে এক সংবাদ সম্মেলনে জানান প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট ফখর উদ্দিন আলী আহমেদ।
তিনি বলেন, "মেলায় কোন ব্রোকারেজ হাউস কী সুবিধা দিচ্ছে এবং বিনিয়োগের নানা খুঁটিনাটি দিক তুলে ধরা হবে।"
দেশি পুঁজিবাজারের সম্ভাবনার কথা তুলে ধরে ফখর উদ্দিন বলেন, "স্থানীয় ও প্রবাসী ক্ষুদ্র বিনিয়োগকারী এবং পুঁজিবাজার সংশ্লিষ্টদের বিপুল আগ্রহ ও নতুন নতুন প্রাথমিক শেয়ার বাজারে ছাড়ার ব্যাপারে বাজার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে।
"এ কারণেই মানুষের বিপুল আগ্রহ ও অংশগ্রহণে আগামীতে মার্কেট ক্যাপিটাল উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাবে।"
২০১০ সালে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ এখনকার দ্বিগুণের বেশি হবে বলে তিনি মন্তব্য করেন।
সিএসই সহ-সভাপতি জানান, ২০০৫ সালেও সিএসই-তে দিনে গড়ে পাঁচ কোটি টাকা লেনদেন হত। এখন হচ্ছে ৬৩ কোটি টাকা।
তিনি আরও জানান, ২০০৫ সালে প্রথম পুঁজিবাজার মেলা অনুষ্ঠিত হয় চট্টগ্রামে। সেবার পাঁচ হাজার দর্শক সমাগম হয়েছিল। ২০০৮ সালে সিলেটের মেলায় ২০ হাজার দর্শক হয়।
এবার এ সংখ্যা আরো বেশি হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মেলার উদ্বোধন করবেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার।
এতে বিশেষ অতিথি হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট রকিবুর রহমান ও গ্রামীণফোনের ভারপ্রাপ্ত চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কোম্পানি সেক্রেটারি রায়হান শামসির উপস্থিত থাকার কথা।
বুধবার কিং অব চিটাগং কমিউনিটি সেন্টারে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মোস্তফা কামাল। এতে বিশেষ অতিথি থাকবেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদস্য মোহাম্মদ ইয়াসিন আলী ও সিএসইর প্রেসিডেন্ট নাসিরউদ্দিন আহম্মেদ চৌধুরী।
মেলার পাশাপাশি চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পুঁজিবাজার বিষয়ক দুটি এবং পরদিন তিনটি বিষয়ে সেমিনার হবে। এসব সেমিনারে পুঁজিবাজার বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা বক্তব্য দেবেন।
সংবাদ সম্মেলনে সিএসইর আরেক সহ-সভাপতি এ কিউ আই চৌধুরী, পরিচালক তারেক কামাল, এ এস এম শহিদুল্লাহ ও সিএসইর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আতিকুজ্জামানও বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এফআই/এজে/এসকে/২০৫৭ঘ.
bdnews24