চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সরকারি দলের সমর্থনপুষ্ট ডক বন্দর শ্রমিক ফেডারেশন আগামী মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে আট ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে।
বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে চাকরিচ্যুত ডক শ্রমিকদের অবিলম্বে পুনর্বহাল ও ডক শ্রমিক পরিচালনা বোর্ড আবারও চালুর দাবিতে রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও পথসভা করে তারা এ কর্মসূচির ডাক দেয়।
প্রায় একই সময়ে একই দাবিতে সরকারি সমর্থনপুষ্ট আরেক সংগঠন ডক শ্রমিক ঐক্য পরিষদ চট্টগ্রাম বন্দরের বাইরে মিছিল ও সমাবেশ করে।
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে ১২শ' ডক শ্রমিককে পুনর্বহালসহ বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন। তার ওই আশ্বাসের ৭২ ঘণ্টা পার হওয়ার আগেই একটি সংগঠন ফের বন্দর অচল করার এ কর্মসূচি ঘোষণা করল।
এ বিষয়ে ফেডারেশনের মহাসচিব অ্যাডভোকেট মাহফুজুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নৌমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আমরা কর্মবিরতির ডাক দিতে বাধ্য হয়েছি।
"মন্ত্রী চাকরিচ্যুত কিছু শ্রমিককে পুনর্বহালের আশ্বাস দিলেও ডক শ্রমিক পরিচালনা বোর্ড চালুসহ ট্রেড ইউনিয়নের ব্যাপারে সুস্পষ্ট কোনো ঘোষণা দেননি।"
দাবি মানা না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানান।
প্রেসক্লাব চত্বরের সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী। এতে মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান, সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, ডক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল আহাদসহ সংগঠনের অন্য নেতারা বক্তব্য রাখেন।
দুপুরে বন্দর ভবনের বাইরে ডক শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা ডক শ্রমিক পরিচালনা বোর্ড আবার চালু ও চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল এবং বন্দরের সকল শ্রমিকের জন্য এক সংগঠন আইন অবিলম্বে বাতিলের দাবি জানান।
শ্রমিকনেতা আলী আশরাফের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের উপদেষ্টা ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, আবদুল মজিদ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এসএইচ/১৭৫৬ ঘ.
bdnews24